ঢাকা, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুত কেন্দ্র ও নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনার দু'টি আবেদনের ওপর শুনানি গ্রহণ শেষ করেছে হাইকোর্ট। আগামী রোববার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।
হাসিনার আবেদন দু'টির ওপর শুনানি গ্রহণ শেষে বুধবার বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ আদেশের এ দিন ধার্য করেন।
শুনানিতে শেখ হাসিনার পক্ষে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও ব্যারিস্টার শফিক আহমেদ।
তারা বলেন, দুর্নীতি দমন কমিশনের করা মামলার ক্ষেত্রে তিন বার অনুমোদন নেওয়ার প্রয়োজন। মামলা দায়ের, অভিযোগপত্র দায়ের ও বিচারিক আদালত মামলা আমলে নেওয়ার সময় এ অনুমোদন দরকার। কিন্তু এ দু'টি মামলার ক্ষেত্রে আইনের সে বিধান অনুসরণ করা হয়নি।
সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুর রউফ মিঞা বলেন, মামলা দুু'টিতে ঠিকভাবেই অনুমোদন দেওয়া হয়েছে। হাইকোর্ট মামলার নথি তলব করে পরীক্ষা করেছে। কোথাও আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। তাই রুল জারি বা মামলার কার্যক্রম স্থগিতের প্রশ্ন ওঠে না।
আদালত এ সময় বলেন, নতুন আইন সঠিকভাবে প্রয়োগ প্রয়োজন। তা নাহলে আইনের উদ্দেশ্য ভেস্তে যেতে পারে। দুদকের মামলার ক্ষেত্রে অনুমোদন গুরুত্বপূর্ণ। অনুমোদন ছাড়া বিচারিক আদালত বিচারের জন্য মামলা আমলে নিতে পারে না।
গত ২ জুন ভাসমান বিদ্যুত কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের জন্য আবেদন দায়ের করেন শেখ হাসিনা।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুত প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত বছর ২ সেপ্টেম্বর হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে।
গত বছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। এরপর গত ১১ জানুয়ারি অভিযোগপত্র দেওয়া হয়।
অন্যদিকে, গত ১৯ জুন নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য শেখ হাসিনা হাইকোর্টে আবেদন করেন।
দুদক গত বছরের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করে।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাস ক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেয়ায় রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৬৩০ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/জিএনএ/১৮৩১ ঘ.
bdnews24