২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেছনের শক্তি দিয়ে সরকার চলবে না: আশরাফুল

নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সরকার নৈতিক শক্তি নিঃশেষ করে ফেলছে মন্তব্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নৈতিক শক্তি না থাকলে শুধু পেছনের শক্তি দিয়ে সব কিছু সঠিকভাবে পরিচালনা করা যাবে না। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে সরকার নৈতিক শক্তি নিঃশেষ করে ফেলছে মন্তব্য করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, নৈতিক শক্তি না থাকলে শুধু পেছনের শক্তি দিয়ে সব কিছু সঠিকভাবে পরিচালনা করা যাবে না। জাতীয় সংসদ নির্বাচন হওয়া নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে সব পর্যায়ে প্রস্তুতি রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার দুপুরে যুবলীগের এক সভায় সৈয়দ আশরাফুল বলেন, "দেশের সব কিছুই অনিশ্চয়তার মধ্যে চলছে। সামনে কী হবে কিছুই বলা যাচ্ছে না। জাতীয় নির্বাচন হবে কিনা তাও বলা যাচ্ছে না। এ অবস্থায় সবাই ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করে সব প্রস্তুতি নিয়ে রাখতে হবে।" বুধবার রাতে গণতন্ত্রী পার্টির সঙ্গে আওয়ামী লীগের বৈঠক শেষে সাংবাদিকরা তার এ বক্তব্যের প্রসঙ্গ তুলে কারণ জানতে চাইলে আশরাফুল বলেন, "বাংলাদেশ সব সম্ভবের দেশ। যতক্ষণ পর্যন্ত না কিছু হবে ততক্ষণ কিছুই বলা যাবে না।" যুবলীগের সভায় বিএনপির প্রতি ইঙ্গিত করে আশরাফুল বলেন, "ঐক্যের নামে তারা আমাদের ষড়যন্ত্রের বেড়াজালে আটকাতে চেয়েছিল। কিন্তু ব্যর্থ হয়ে এখন উল্টা-পাল্টা কথা বলছে। বলছে আমরা নাকি সরকারের সঙ্গে আঁতাত করছি।" বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরো বলেন, "তারা বলছে, ওয়ান ইলেভেন ভুল সিদ্ধান্ত ছিল। যদি তাই হয় তাহলে তাদের ভাষায় ২২ জানুয়ারির নির্বাচন সঠিক ছিল। আমরা স্পষ্ট করে বলতে চাই, ২২ জানুয়ারির নির্বাচন প্রতিহত করার আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল।" জরুরি আইন বহাল রেখে দেশে অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টি সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. মীজানুর রহমানের সভাপতিত্বে সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত দেশব্যাপী চলবে যুবলীগের সাংগঠনিক সফর। আওয়ামী লীগ সরকারের সঙ্গে বৃহস্পতিবার অনুষ্ঠেয় সংলাপের বিষয়বন্তু নিয়ে বুধবার সন্ধ্যার পর শরিক দল ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ও গণতন্ত্রী পার্টির সঙ্গে বৈঠক করে। ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় এই বৈঠক হয়। ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক বৈঠক শেষে সাংবাদিকদের বলেন আসন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভা নির্বাচনকে 'টেস্ট কেস' হিসাবে নিচ্ছে তার দল। জরুরি অবস্থার মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় মত প্রকাশ করে এবং অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, "একটি বিশেষ গণতান্ত্রিক অবস্থা প্রতিষ্ঠা করার কথা শোনা যাচ্ছে।" তত্ত্বাবধায়ক সরকার তেলের মূল্য বাড়িয়ে দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে বলেও তিনি মন্তব্য করেন। আশরাফুল ইসলাম এ সময় বলেন, "সরকার ন্যাপকে সংলাপে আমন্ত্রণ না জানিয়ে অন্যায় কাজ করেছে। আমরা দাবি করছি , ন্যাপকে যেনো সংলাপে ডাকা হয়।" ন্যাপের প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির সভাপতিমন্ডলীর সদস্য বেগম আমেনা আহমদ ও ইসমাইল হোসেন। রাতে গণতন্ত্রী পার্টির সঙ্গে বৈঠক শেষে আশরাফুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "আমরা জোটবদ্ধভাবে নির্বাচন করব। স্থানীয়ভাবে প্রার্থীদের মনোনয়ন দেওয়া হবে। কোথাও সমস্যা হলে কেন্দ্রীয়ভাবে সমাধান করা হবে।" তিনি জানান, আগামী তিন জুলাই থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হলেও মনোনয়ন প্রত্যাহারের দিনই চূড়ান্ত হবে কে জোটের ১৪ দলের প্রার্থী হবে। আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রী পার্টির আলোচনায় নেতৃত্ব দেন পার্টির সভাপতি সভাপতি নুরুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/জিএনএ/এমএইচবি/২২৫৩ ঘ.