২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন-মাসুদের নির্দেশে আমার বিরুদ্ধে মামলা হয়েছে: সাকা চৌধুরী

সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতে বলেছেন, গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় কমিটির (এনসিসি) চেয়ারম্যান উপদেষ্টা এম এ মতিন ও কমিটির সাবেক সমন্বয়ক লে. জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর নির্দেশে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সালাউদ্দিন কাদের চৌধুরী আদালতে বলেছেন, গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় কমিটির (এনসিসি) চেয়ারম্যান উপদেষ্টা এম এ মতিন ও কমিটির সাবেক সমন্বয়ক লে. জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর নির্দেশে ষড়যন্ত্রমূলকভাবে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সম্পত্তির তথ্য গোপন ও ঘোষিত আয়ের বাইরে সম্পদের মালিক হওয়ার মামলায় মঙ্গলবার সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৪ এ বাদীকে জেরা করার পর সালাউদ্দিন কাদের বিচারককে এ কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংসদ বিষয়ক উপদেষ্টা সালাউদ্দিন বলেন, "আমার বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছে তা ষড়যন্ত্রমূলক। গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটির চেয়ারম্যান এম এ মতিন ও কমিটির তৎকালীন সমন্বয়ক লে. জেনারেল মাসুদউদ্দিন চৌধুরীর নির্দেশে ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে।" বিচারক সামসুন্নাহার বেগমকে তিনি বলেন, "আমি রংপুর কারাগার থেকে দুর্নীতি দমন কমিশনে জমা দেওয়ার জন্য সম্পত্তির হিসাব বিবরণী পাঠিয়ে ছিলাম। কিন্তু সেটা জমা না নিয়ে ওই দুই ব্যক্তির নির্দেশে অন্য একটি হিসাব বিবরণী জমা নিয়ে আমার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।" সালাউদ্দিন কাদের অভিযোগ করেন, "টাস্কফোর্সের সদস্য মেজর আরিফ ও মেজর জাহিদকে সঙ্গে নিয়ে এ মামলার বাদী আকতার হামিদ ভূঁইয়া আমার নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কাজ করেছে।" কমিশনের সহকারী পরিচালক আকতার হামিদ ভূঁইয়া গত বছরের ১৩ জুন রাজধানীর রমনা থানায় সালাহউদ্দিন কাদেরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। এতে অভিযোগ করা হয়, আসামি অবৈধভাবে ৯ কোটি ৪৫ লাখ ৫২ হাজার ৬৩২ টাকার সম্পত্তির মালিক হয়েছেন। একইসঙ্গে কমিশনে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে তিনি ৯১ লাখ ৪২ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন। গত বছরের ১ অক্টোবর কমিশনের উপ-পরিচালক মো. মানিরুজ্জামান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলায় অভিযোগপত্র দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীকে গতবছর ৩ ফেব্র"য়ারি গ্রেপ্তার করে যৌথবাহিনী। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/এমএইচবি/২২৪২ ঘ.