ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন, আঞ্চলিক পর্যায়ে সংলাপ শেষে ঢাকায় নারী ও শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ নাগরিকদের নিয়ে তিনটি গোষ্ঠীগত সংলাপের আয়োজন করবে সরকার। সাংবাদিকদের সঙ্গে সংলাপের মাধ্যমে এ প্রক্রিয়া শেষ হবে।
মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা গোলাম কাদেরের কার্যালয়ে সংলাপ সংশ্লিষ্ট চার উপদেষ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে হোসেন জিল্লুর রহমান ছাড়াও যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের, আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ, স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল উপস্থিত ছিলেন।
কবে নাগাদ সংলাপ শেষ হবে- সংবাদিকদের এ প্রশ্নের জবাবে হোসেন জিল্লুর বলেন, "আমরা কালক্ষেপণ করছি না; সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সময়ও বেশি নিচ্ছি না। তবে আগামী ডিসেম্বরে সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের প্রক্রিয়া শেষ হবে।"
সংলাপ শেষ হওয়ার সুর্নির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করে তিনি বলেন, "মিডিয়াকে নিয়ে একটি বড় ধরনের সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে সংলাপ প্রক্রিয়া শেষ হযে। এর বাইরে প্রবাসীদের নিয়ে একটি সংলাপের সম্ভাবনা রয়েছে। সেটি টেলি কনফারেন্স নাকি সরাসরি বিদেশে গিয়ে হবে তা নিয়ে আলোচনা চলছে।"
বিএনপি সংলাপে যোগ না দিলে তাদের বাদ দিয়ে সরকার নির্বাচনের প্রস্তুতি নেবে কিনা- সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "'যদি' সংশ্লিষ্ট কোনো হাইপোথেটিক্যাল বিষয় নিয়ে আমরা ভাবছি না। আমরা সবাইকে নিয়েই এগিয়ে যেতে চাই। সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।"
খালেদা জিয়ার মুক্তি প্রক্রিয়ার গতি শ্লথ হয়েছে কিনা- প্রশ্নের জবাবে উপদেষ্টা হোসেন জিল্লুর বলেন, "কালক্ষেপণের কোনো প্রয়াস নেই। নির্দিষ্ট নীতির বিষয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের দিক থেকে কোনো শ্লথ হওয়ার বিষয় নেই। আমরা আইনী প্রক্রিয়া এবং মানবিক দিক বিবেচনায় রেখে এগুতে চাই।"
বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "সংলাপের বাকি অবস্থা পর্যালোচনা এবং পরবর্তী সিডিউল নির্ধারণ বিষয়ে আলোচনা হয়েছে। এখনো ৩/৪টি দলের সঙ্গে আলোচনা বাকি রয়েছে। কয়েকটি দল এখনো আমাদের আমন্ত্রণের জবাব দেয়নি।"
হোসেন জিল্লুর আরো জানান, সরকার আঞ্চলিক পর্যায়ে খুলনা, রাজশাহী ও সিলেট বিভাগে আরো তিনটি বৈঠক করার উদ্যোগ নিয়েছে। তবে এসব সংলাপের দিনক্ষণও এখনো নির্ধারণ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এমএ/১৭২১ ঘ.
bdnews24