ঢাকা, জুন, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা ও নাইকো দুর্নীতি মামলা বাতিলে শেখ হাসিনার দায়ের করা আবেদনের ওপর মঙ্গলবার ফের হাইকোর্টে শুনানি হতে পারে।
সোমবার বিচারপতি মোঃ আবদুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিমের হাইকোর্ট বেঞ্চে আবেদন দু'টি শুনানির জন্য দুর্নীতি দমন কমিশন ও সরকারের কৌসুলীরা আবেদন জানান। মঙ্গলবার এই আদালতের কার্যতালিকায় আবেদন দু'টি অন্তর্ভূক্ত হবে।
দুদকের কৌসুলী অ্যাডভোকেট খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাইকো ও ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের জন্য আওয়ামী লীগ সভানেত্রীর আবেদনের ওপর বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়েছে। ওই বেঞ্চ মামলা দু'টির নথিও তলব করেছিল।
তিনি আরও বলেন, আজ (সোমবার) ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের আবেদনের ওপর আদেশ দেওয়ার কথা ছিল। নাইকো মামলা বাতিলের আবেদনের ওপরও ওই বেঞ্চে আজ শুনানি গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু ওই বেঞ্চে এ ধরণের আবেদন শুনানির এখতিয়ার গত ২৫ জুন পরিবর্তন করে দেওয়া হয়েছে। তাই নতুন বেঞ্চে শুনানির জন্য সরকারের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব ও দুদকের পক্ষে আমি আবেদন জানিয়েছি। মঙ্গলবার এর ওপর শুনানি হতে পারে।
তবে হাসিনার কৌসুলী ব্যারিস্টার শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, এখতিয়ার পরিবর্তন করা হলেও বিচারপতি খাদেমুল ইসলামের নেতৃত্বের হাইকোর্ট বেঞ্চ হাসিনার আবেদন দু'টির ওপর শুনানি গ্রহণ করতে পারবেন। কারণ এই বেঞ্চে বেশ কয়েকদিন আবেদন দু'টির শুনানি হয়েছে। এখতিয়ার পরিবর্তনের আগে এই বেঞ্চ কোন আবেদনের ওপর শুনানি গ্রহণ করে থাকলে তার ওপর ফের শুনানি গ্রহণ করতে পারবে।
তিনি বলেন, অন্য বেঞ্চে আবেদন দু'টি শুনানির জন্য নেওয়া হলেও আমরা আপত্তি জানাব। সেখান থেকে আমরা আবেদন ফেরত নিয়ে আসব।
গত ২ জুন এ বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলা বাতিলের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হাইকোর্টে একটি আবেদন দায়ের করেছিলেন।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করে।
গতবছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভূক্ত করে সরকার। গত ১১ জানুয়ারি এ মামলায় অভিযোগ পত্র দেওয়া হয়।
এদিকে নাইকো দুর্নীতি মামলা বাতিলের জন্য হাসিনা হাইকোর্টে আবেদন করেছিলেন গত ১৯ জুন ।
দুদক গত বছরের ৯ ডিসেম্বর শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলা দায়ের করে।
মামলায় ছাতক, কামতা ও ফেনী গ্যাসক্ষেত্র নাইকোকে অবৈধ পন্থায় বিনা দরপত্রে দেওয়ায় রাষ্ট্রের ১৩ হাজার ৬ শ' ৩০ কোটি ৫০ লাখ টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। এ মামলায় পরে শেখ হাসিনাসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার কয়েকজন মন্ত্রী-কর্মকর্তার বিরুদ্ধেও এ নিয়ে পৃথক মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৫৭ঘ.
bdnews24