ঢাকা, জুন, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিএনপির সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা দুর্নীতির মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মোঃ আবদুর রশিদ ও বিচারপতি মোঃ আশফাকুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ নাসিমা আক্তার কল্পনার দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই রায় দেন।
গত ১৩ জুন দুর্নীতি দমন কমিশন রাজধানীর হাজারীবাগ থানায় নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে। তার স্ত্রী নাসিমা আক্তার কল্পনার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
দুদক আইন অনুযায়ী নোটিশ না দিয়ে তার বিরুদ্ধে মামলাটি দায়েরের বৈধতা চ্যালেঞ্জ করে কল্পনা রিট আবেদন দায়ের করলে গত ১০ জানুয়ারি হাইকোর্ট রুলনিশি জারি করে এ মামলা কেন বাতিল করা হবেনা তা দুদকের কাছে জানতে চান ।
রিটটির ওপর কল্পনার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন। দুদকের পক্ষে শুনানি করেন ড. এ কে আলী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/২০৩৫ঘ.
bdnews24