ঢাকা, জুন, ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় রাজশাহীর মেয়র মিজানুর রহমান মিনুর স্ত্রী সালমা রহমান ও খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাকে চার মাসের অন্তবর্তীকালীন আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
চার মাস বা এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল যেটি আগে হয় সে সময় পর্যন্ত তাদেরকে অন্তবর্তীকালীন আগাম জামিন দেওয়া হয়েছে। পাশাপাশি তাদেরকে কেন স্থায়ী আগাম জামিন দেওয়া হবে না সরকারকে তার কারণ দর্শাতে বলেছে আদালত।
সোমবার বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও বিচারপতি শামীম হাসনাইনের বেঞ্চে হাজির হয়ে মিনু ও শামীম ইস্কান্দারের স্ত্রী আগাম জামিন আবেদন জানালে আদালত এ আদেশ দেন।
সালমা ও ফাতেমার পক্ষে জামিন আবেদনের শুনানিতে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, "কারো বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ থাকলে তাকে জামিন মঞ্জুর করতে হাইকোর্টের কোন বাধা নেই। অসৎ উদ্দেশ্যে ও বেআইনীভাবে তাদের বিরুদ্ধে এ মামলাগুলো করা হয়েছে। তাই আপিল বিভাগের গত ২৩ এপ্রিলের জামিন সংক্রান্ত রায়ের আলোকে তাদেরকে (সালমা ও ফাতেমা) জামিন দিতে পারে হাইকোর্ট।"
কৌসুলীরা আরো বলেন, জরুরি ক্ষমতা বিধিমালার বিধান অনুসারে মূল অভিযুক্ত ব্যক্তির স্ত্রী ও সন্তানকে আদালত জামিন মঞ্জুর করতে পারবে।
গত ২৭ জুলাই রাজশাহীর কোতোয়ালী থানায় বিএনপি নেতা মেয়র মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। ওই মামলায় তার স্ত্রী সালমা রহমানের বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনা হয়।
এর আগে দুর্নীতি দমন কমিশন গত ২৫ মে রমনা থানায় শামীম ইস্কান্দারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা দায়ের করে এবং স্ত্রী কানিজ ফাতেমার বিরুদ্ধে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিএইচ/এসকে/১৯৩১ঘ.
bdnews24