ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সংলাপের নামে কারো সঙ্গে আপস করলে আল্লাহও তা ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
রোববার বিকালে লালবাগে এক নাগরিক সংলাপে তিনি বলেন, "নির্বাচনে সব দলের সমান সুযোগ চাই। সরকার সংলাপের নামে কারো সঙ্গে আপস করলে জনগণ কেন, স্বয়ং আল্লাহও তাদের ক্ষমা করবে না।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারকে ইংগিত করে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, "অনেকে ধর্মের নামে রাজনীতি করে। কিন্তু ক্ষমতায় গিয়ে গত পাঁচ বছরে তারা একটিও আল্লাহর আইন সংসদে পাস করেনি। বরং ফায়দা আদায়ের জন্য মিথ্যা বলেছে।"
প্রতিশ্র"তি অনুযায়ী যথাসময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্যও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
রাজধানীর লালবাগের এক কমিউনিটি সেন্টারে বিকল্পধারা আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন লালবাগ থানা বিকল্পধারার আহ্বায়ক নওয়াব বাহাদুর।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের মহাসচিব আবদুল মান্নান, সভাপতিমণ্ডলীর সদস্য জয়নাল আবেদিন খান, অধ্যক্ষ আবদুর রশিদ মনজুর রাশেদ, সাজু কামাল, সুজাতা আজিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/টিএইচ/জেকে/এমএইচবি/২২০১ ঘ.
bdnews24