ঢাকা, জুন ২৮( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন সিটি ও পৌরসভা নিবার্চনে স্থানীয়ভাবে প্রার্থী ঠিক করবে আওয়ামী লীগ। যেখানে যাকে যোগ্য মনে হবে, দলের পক্ষ থেকে তাকেই সমর্থন দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান।
শনিবার সন্ধ্যায় গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জিল্লুর বলেন, স্থানীয় নির্বাচনের জন্য প্রার্থী বাছাইয়ের সুযোগ আওয়ামী লীগের নেই। আবার প্রার্থী বাছাই করা হবে না এমন কোনো সিদ্ধান্তও নেয়া হয়নি। দলের পক্ষ থেকে স্থানীয়ভাবে প্রার্থী বাছাই করা হবে। কোথাও একাধিক ব্যক্তি মনোনয়নপত্র জমা দিলে যাকে যোগ্য মনে হবে, আওয়ামী লীগ তাকেই সমর্থন দেব।
উপজেলা নির্বাচন হলে আওয়ামী লীগ তাতে অংশ নেবে কি না জানতে চাইলে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "উপজেলা নির্বাচন যখন হবে তখনই সিদ্ধান্ত নেয়া হবে।"
তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১৪ দলের সঙ্গে এখনো আলোচনা করেনি আওয়ামী লীগ। তবে হতে এ নিয়ে আলোচনা হতে পারে।
এর আগে সন্ধ্যায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের একটি প্রতিনিধিদল জিল্লুর রহমানের সঙ্গে দেখা করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাহউদ্দিন স্বপনের নেতৃত্বে ২২টি শ্রমিক সংগঠনের এই জোট জিল্লুর রহমানের কাছে ছয় দফা দাবিনামা দেন। জিল্লুর রহমান জানান, সরকারের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ এসব দাবি উত্থাপন করবে।
নির্বাচন কমিশন গত ২০ জুন স্থানীয় নির্বাচনের সময়সূচি বা তফসিল ঘোষণা করে। সে অনুযায়ী আগামী ৪ আগস্ট দেশের চারটি সিটি করপোরেশন ও ৯টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।
তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ তা প্রত্যাহার ও সবার আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানালেও শুক্রবার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সিদ্ধান্ত হয়, কমিশন ঘোষিত সময়েই তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে।
কার্যনির্বাহী সংসদের বৈঠক শেষে জিল্লুর রহমান শুক্রবার সাংবাদিকদের বলেন, "শান্তি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কার্যনির্বাহী সংসদের বৈঠকে সর্বসম্মতভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আওয়ামী লীগ নির্বাচনে যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএ/জেকে/এমএ/২১৪৩ ঘ.
bdnews24