২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুর ও নীলফামারীতে আওয়ামী লীগের বর্ধিত সভা

নীলফামারী ও শরীয়তপুরের গোসাইরহাটে শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, জরুরি অবস্থায় যথাযথভাবে নির্বাচন হতে পারে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 03:32 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী ও শরীয়তপুরের গোসাইরহাটে শনিবার আওয়ামী লীগের বর্ধিত সভায় নেতারা নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, জরুরি অবস্থায় যথাযথভাবে নির্বাচন হতে পারে না। আমাদের প্রতিনিধির পাঠানো সংবাদ- নীলফামারী: শহরের পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৮ মাস পর বর্তমান সরকার বুঝতে পেরেছে আওয়ামী লীগ ছাড়া দেশ চালানো সম্ভব নয়। তিনি বলেন, "জরুরি অবস্থায় থেকে যথাযথভাবে নির্বাচন হতে পারে না।" মান্না বলেন, "এই সরকারের আমলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষ এখন তাদের চায় না।" সভায় কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক সাংসদ আসাদুজ্জামান নূর বলেছেন, "নির্বাচনে মাঝে মধ্যে তত্বাবধায়ক সরকারও বাধা হয়ে দাঁড়ায়। এ সরকার নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।" জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর চেয়ারম্যান দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সাবেক সাংসদ অ্যাডভোকেট ফজলে রাব্বী, সাবেক সাংসদ অ্যাডভোকেট আফসার আলী আহমেদ প্রমুখ। শরীয়তপুর: গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেন, "চারটি সিটি করপোরেশন এবং নয়টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠান বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নিরপেক্ষতা প্রমাণের একটি টেস্ট কেস।" গোসাইরহাট আওয়ামী লীগ কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "স্থানীয় সরকার নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে নিরপেক্ষ ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টির মাধ্যমে সরকারকে তার নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।" সভায় উপজেলার ৮টি ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের বক্তরা স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানেই আগে জরুরি অবস্থা প্রত্যাহার এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনার স্থায়ী জামিনের দাবি জানান। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন দেওয়ান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মো. নাসির উদ্দিন, অ্যাডভোকেট এমএম আলী আহমদ, শাহজাহান দেওয়ান, জাকির হোসেন দুলাল প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২১ ঘ.