ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় নির্বাচন করাই সংবিধানসম্মত হতো বলে মন্তব্য করেছেন স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার।
শনিবার বিকালে নবাব সলিমুল্লাহ স্মারক সন্মাননা-২০০৮ বিতরণ উপলক্ষে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, "তত্ত্বাবধায়ক সরকারের প্রথম কাজ জাতীয় নির্বাচন অনুষ্ঠান। এর আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠান সংবিধানসম্মত নয়। বরং সংসদ নির্বাচনের পরে হওয়াটাই হতো বাঞ্ছনীয় ও আইনসম্মত।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল যেখানে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানে বিএনপিসহ চার দল নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেবে না বলেই মনে করি আমি।''
জাতীয় লেখক ফোরাম আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এম লুৎফর রহমান, শিল্পকলা একাডেমীর সাবেক চেয়ারম্যান আজাদ রহমান, সাংবাদিক মোস্তফা কামাল মুজমদার, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড. সৈয়দ নকীব মুসলিমসহ ২০ জনকে নবাব সলিমুল্লাহ সন্মাননা দেয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসএম/জেকে/এমএ/২০৫২ ঘ.
bdnews24