ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেরদৌস আহমেদ কোরেশীকে চেয়ারম্যান এবং নূর মোহাম্মদ খানকে মহাসচিব করে প্রথম কমিটি গঠন করেছে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)।
জরুরি অবস্থা জারির পর গঠিত এ দলের জাতীয় সম্মেলনে শনিবার এ কমিটি গঠন করা হয়।
সম্মেলনে প্রতিনিধিদের সামনে নতুন কমিটির প্রস্তাব তুলে ধরেন সম্মেলন প্রস্তুতি কমিটির নির্বাচন উপ-কমিটির উপদেষ্টা কামরুন্নাহার জাফর। প্রতিনিধিরা হাত তুলে ওই কমিটিকে সমর্থন জানায়।
গোলাম সরোয়ার মিলন পেয়েছেন পিডিপির যুগ্ম মহাসচিবের পদ। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে রফিকুল হক হাফিজকে।
সম্মেলনে ১১ সদস্যের স্থায়ী কমিটিও নির্বাচন করা হয়, তবে এ ফোরামের ৯ সদস্যের নাম শনিবার ঘোষণা করা হয়েছে। পিডিপির গঠনতন্ত্র অনুযায়ী, স্থায়ী কমিটি দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম। চেয়ারম্যান ও মহাসচিব পদাধিকার বলে স্থায়ী কমিটিতে থাকছেন।
স্থায়ী কমিটির অপর সদস্যরা হলেন- তাজুল ইসলাম চৌধুরী, আবুল হাসান চৌধুরী, কামরুন্নাহার জাফর, এইচ এম এ গাফ্ফার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন, এম সরফুদ্দিন আহমেদ সান্টু ও গোলাম সরোয়ার মিলন।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিডিপির জাতীয় সম্মেলনে সারাদেশ থেকে ১০ হাজার প্রতিনিধি অংশ নেয় বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ খান জানান, ৬৪টি জেলার মধ্যে পিডিপির ৫৫টি জেলা কমিটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।
মূল মিলনায়তন ছাড়াও বাইরে তিনটি প্যান্ডেলে টাঙানো বড় টিভি পর্দার মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। দিনব্যাপী এ সম্মেলনে খাওয়া-দাওয়ারও ব্যাপক বন্দোবস্ত ছিল। তবে বিশাল এই আয়োজনের জন্য কোনও ধরনের চাঁদা তোলা হয়নি বলে দাবি করেন ফেরদৌস কোরেশী।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, "প্রতিনিধি সম্মেলন উপলক্ষে কারও কাছ থেকে চাঁদা তোলা হয়নি। নেতাদের ব্যক্তিগত চাঁদা দিয়ে এ সম্মেলনের খরচ মেটানো হয়েছে।"
গত বছরের ২১ জুলাই পিডিপি আত্মপ্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৮৩০ ঘ.
bdnews24