ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা এখন স্থিতিশীল। তবে তাকে আরও কিছুদিন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শনিবার রাতে মেডিকেল বোর্ডের আট চিকিৎসক মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা পর্যালোচনার পর ল্যাবএইড হাসপাতালের মিডিয়া কো-অর্ডিনেটর মেজবাহ য়াযাদ সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, চিকিৎসকরা মোহাম্মদ নাসিমের চোখের সমস্যার কারণ হিসেবে তার মস্তিষ্কে রক্তক্ষরণকেই দায়ী করেছেন। মেডিকেল বোর্ড বলেছে, মস্তিষ্কের অবস্থা ঠিক হয়ে গেলে নাসিমের চোখের সমস্যাও কেটে যাবে।
মেজবাহ য়াযাদ জানান, নাসিমের অবস্থা এখন স্থিতিশীল হলেও তাকে আরও কিছুদিন আইসিইউতে পর্যবেক্ষণে থাকতে হবে।
সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মেডিকেল বোর্ডের বৈঠক চলে।
এর আগে বিকেলে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল সার্ভিসের প্রধান অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, "গতকাল (শুক্রবার) মোহাম্মদ নাসিমের সিটি এনজিও (ব্রেন) করে আমরা কোনো অস্বাভাবিকতা পাইনি। তার মস্তিষ্কে কোনো অ্যাকটিভ ব্লিডিং পয়েন্ট নেই। তবে এ ধরনের রোগীর যে কোনো মুহূর্তে রক্তক্ষরণ শুরু হতে পারে।"
তিনি জানান, হাঁটার মতো অবস্থা নাসিমের এখনো হয়নি। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ীই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের চিকিৎসার ব্যাপারে করণীয় ঠিক করা হবে।
আরেক প্রশ্নের জবাবে মাহবুবুল হক বলেন, "দেশেই এ ধরনের রোগীর চিকিৎসা সম্ভব।"
ল্যাবএইডে চিকিৎসা নিয়ে এ ধরনের কতজন রোগী সম্পূর্ণ সুস্থ হয়েছেন- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "কিছু কিছু রোগী ভালো হয়েছেন। তবে এ সংখ্যা খুব বেশি নয়। এ ধরনের রোগী সুস্থ হলেও কিছু অস্বাভাবিকতা থেকেই যায়।"
নাসিমের শারীরিক পরীক্ষার প্রতিবেদন তার পরিবারের সদস্যদের কেন দেওয়া হচ্ছে না তা জানতে চাইলে ডা. মাহবুবুল বলেন, "আমরা রোগী পেয়েছি কারা কর্তৃপক্ষের কাছ থেকে। কারা কর্র্তৃপক্ষ চাইলে আমরা পরিবারের সদস্যদের কাছে প্রতিবেদন দিতে পারি।"
অবশ্য ল্যাবএইড হাসপাতালে নাসিমের চিকিৎসার খরচ তার পরিবারের সদস্যরাই বহন করছে বলে জানান তিনি।
নাসিমের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন- নিউরোসার্জন ডা. এম এইচ সাবেত, নিউরো মেডিসিনের অধ্যাপক সিরাজুল হক, আই সি ইউ ইনচার্জ ডা. সাইদুল ইসলাম, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক সমীরণ কুমার সাহা, হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক বরেণ চক্রবর্তী, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. আবু নাসের রিজভী, ফিজিক্যাল মেডিসিনের ডা. সৈয়দ মোজাফফর আহম্মেদ এবং নিউরোসার্জন ডা. কনক কান্তি বড়
bdnews24