২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অতীতের দলগুলোর কাছে দেশটাকে আর দিতে চাই না: কোরেশী

ওয়ান-ইলেভেন দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে দাবি করে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রধান ফেরদৌস আহমেদ কোরেশী বলেছেন, এই চেতনা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেছেন,"অতীতের লুণ্ঠনের সেই 'অন্ধকার রাজনৈতিক দলগুলো'র কাছে আর দেশটাকে ফিরিয়ে দিতে চাই না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 09:23 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ান-ইলেভেন দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে দাবি করে প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) প্রধান ফেরদৌস আহমেদ কোরেশী বলেছেন, এই চেতনা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেছেন,"অতীতের লুণ্ঠনের সেই 'অন্ধকার রাজনৈতিক দলগুলো'র কাছে আর দেশটাকে ফিরিয়ে দিতে চাই না।" শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে পিডিপির জাতীয় প্রতিনিধি সম্মেলনে কোরেশী এ কথা বলেন। জরুরি অবস্থা জারির পরে গঠিত এ দলটির নতুন কমিটি দিনব্যাপী এ সম্মেলনেই ঘোষণা করা হবে। সকাল সাড়ে ১০টায় দলীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে পিডিপির জাতীয় সম্মেলন উদ্বোধন করেন ফেরেদৌস কোরেশী। সম্মেলনে সারাদেশ থেকে ১০ হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন বলে অনুষ্ঠানে জানানো হয়। সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নূর মোহাম্মদ খান বলেন, "জেলা ও উপজেলা পর্যায় থেকেও প্রতিনিধিরা এসেছেন। ৬৪টি জেলার মধ্যে ৫৫টি জেলা কমিটি ইতোমধ্যে অনুমোদন পেয়েছে।" মূল মিলনায়তন ছাড়াও বাইরে তিনটি প্যান্ডেলে টাঙানো বড় টিভি পর্দার মাধ্যমে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান দেখানোর ব্যবস্থা করা হয়। রয়েছে খাওয়া-দাওয়ারও ব্যাপক বন্দোবস্ত। তবে বিশাল এই আয়োজনের জন্য কারও কাছ থেকে চাঁদা নেওয়া হয়নি বলে দাবি করেন ফেরদৌস কোরেশী। উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, "প্রতিনিধি সম্মেলন উপলক্ষে কারও কাছ থেকে চাঁদা তোলা হয়নি। নেতাদের ব্যক্তিগত চাঁদা দিয়ে এ সম্মেলনের খরচ মেটানো হয়েছে।" চাঁদা না তুলে এ ধরনের অনুষ্ঠান আয়োজন রাজনৈতিক দলের ক্ষেত্রে 'ব্যতিক্রম' বলে মন্তব্য করেন কোরেশী। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কোরআন, গীতা, বাইবেল পাঠ করা হয়। উদ্বোধনী বক্তব্যে ফেরদৌস আহমদ কোরেশী কারও নাম উল্লেখ না করে বলেন, "অতীতে তারা নেতা-নেত্রীর আসনে বসে দেবী-দেবতা হয়ে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। লুণ্ঠন করেছেন দেশের মানুষের সম্পদ। তাদের পরিবারতন্ত্র রাজতন্ত্রের দিকে চলে গিয়েছিল। ১/১১ এ অবস্থা থেকে দেশকে উদ্ধার করেছে।" তিনি বলেন, "আমরা সৎ ও ভালো মানুষ চাই। অতীতে অর্থাৎ ১/১১ -এর আগে যারা এখনো ফিরে যেতে চায়, তাদের বিষয়ে জনগণকে সতর্ক করতে হবে। অতীতের লুণ্ঠনের সেই অন্ধকার রাজনৈতিক দলগুলোর কাছে আর দেশটাকে ফিরিয়ে দিতে চাই না।" পিডিপি নেতা কোনও দলের নাম উল্লেখ না করে বলেন, "তারা যদি আবার নির্বাচিত হয়ে আসে, তাহলে দেশের ভাগ্য অন্ধকারেই থাকবে, কোনও পরিবর্তন হবে না।" তিনি বলেন, "১/১১ কে যারা সমর্থন করেছেন; তাদের থেকেই সৎ, যোগ্য ও ভালো মানুষ খুঁজে বের করতে হবে। তারাই হবেন আমাদের দলের তারকা। কালো টাকা কিংবা সন্ত্রাসের মাধ্যমে নেতা নির্বাচন পিডিপিতে হবে না।" সরকার ও সেনাবাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে কোরেশী বলেন, "দুর্নীতিবাজদের ছাড় দেওয়া চলবে না। তাদের হুমকি-ধমকির মুখে আপস করলে ইতিহাসে আপনারা প্রশ্নবিদ্ধ হয়ে থাকবেন। জনগণ আপনাদের পাশে আছেন, মেরুদণ্ড সোজা করে দুর্নীতিমুক্ত দেশ গড়ার দিকে এগিয়ে যান।" ফেরদৌস কোরেশী বলেন, "দেশে সুশাসন প্রতিষ্ঠায় পিডিবিকে প্রান্তিক পর্যায় থেকে সংগঠিত হতে হবে। এ দেশটা আমাদের, আমরাই শাসন করব। ওপর থেকে শাসন বা নেতৃত্ব চাপিয়ে দেওয়া যাবে না।" তিনি উপজেলা নির্বাচনের জন্য ভালো মানুষ খুঁেজ বের করতে প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তাজুল ইসলাম চৌধুরী, আবুল হাসান চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এন এ রফিকুল হোসেন ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব গোলাম সারওয়ার মিলন। সাবেক মন্ত্রী কামরুন্নাহার জাফর, এইচ এ এম গাফ্ফারসহ বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য সারির কয়েকজন নেতাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শনিবার বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা হবে বলে পিডিপি নেতারা জানিয়েছেন। গত বছরের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর ২১ জুলাই পিডিবি গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/জিএনএ/১৫১৪ ঘ.