মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবার স্থানীয় নির্বাচনে ১৪ পৃষ্ঠার মনোনয়নপত্র পূরণ করতে হচ্ছে প্রার্থীদের। আগে দুই পৃষ্ঠার ফরমে ১২টি তথ্য দিতে হতো। কিন্তু এবার ব্যক্তিগত তথ্যের সঙ্গে সম্পদ-সম্পত্তি ও দায় দেনার হলফনামাও দাখিল করতে হচ্ছে। নির্বাচন কমিশন প্রার্থীদের বিভিন্ন তথ্য জনগণের কাছে তুলে ধরবে। অসত্য তথ্য দিলে প্রার্থিতা বাতিলের বিধানও রয়েছে।
নির্বাচন কমিশন ইতোমধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশনসহ নয়টি পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা আগামী ৩ জুলাই। ভোট গ্রহণ হবে ৪ আগস্ট।
স্থানীয় নির্বাচনের জন্য চলতি বছর প্রণীত বিধি অনুযায়ী, মেয়র-কাউন্সিলর প্রার্থীদের তিন ডজনেরও বেশি তথ্য সম্বলিত ১৪ পৃষ্ঠার ফরম পূরণ করতে হচ্ছে। পাঁচ খণ্ডের মনোনয়নপত্রের প্রথম খণ্ডে প্রস্তাবকারী, সমর্থনকারী ও মনোনীত প্রার্থীর জন্য পৃথক অংশ রয়েছে। দ্বিতীয় খণ্ডে প্রার্থীর ব্যক্তিগত তথ্যের সঙ্গে হলফনামাসহ চারটি কাগজপত্র সংযুক্তি হিসাবে দাখিল করতে হচ্ছে।
রিটার্নিং অফিসাররা জানান, ফরমে পৃষ্ঠার সংখ্যা বেশি হলেও তা জটিল কিছু নয়। বিদ্যমান পদ্ধতিতে সত্য তথ্য দিলে কোনও প্রার্থীর সমস্যা নেই। সংসদ নির্বাচনে প্রার্থীদের আট দফা হলফনামার সঙ্গে সমন্বয় রেখে নির্বাচন কমিশন স্থানীয় নির্বাচনেও তা যুক্ত করেছে।
রাজশাহী বিভাগের উপনির্বাচন কমিশনার ও রিটার্নিং অফিসার সৈয়দ মোহাম্মদ মুসা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অতীতে দুই পৃষ্ঠার মনোনয়পত্রে প্রার্থীদের ১২টি তথ্য দিতে হতো। এবার ১৪ পৃষ্ঠার ফরমে ব্যক্তিগত তথ্যের পাশাপাশি ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামায় সম্পদ, দায়দেনা, আয়ের উৎস, মামলার বিবরণীসহ বেশ কিছু তথ্য দিতে হচ্ছে।"
সার্বিক বিষয়ে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে কর্মশালার পাশাপাশি ব্যাপক সহযোগিতা করা হচ্ছে দাবি করে মোহাম্মদ মুসা বলেন, প্রার্থিতা চূড়ান্ত হওয়ার পর প্রার্থী সম্পর্কে যে কোনও তথ্য ভোটার চাইলে নিয়মানুযায়ী দেওয়া হবে এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও প্রার্থীর তথ্যাবলি পাওয়া যাবে।
সিলেট বিভাগীয় উপনির্বাচন কমিশনার খন্দকার মিজানুর রহমান বলেন, "স্থানীয় প্রার্থীদের ব্যক্তিগত অনেক তথ্যই ভোটাররা জানে না; প্রার্থীরাও জানায় না। কিন্তু এবার নির্বাচন কমিশন হলফনামার মাধ্যমে প্রার্থীর সঠিক তথ্য সংগ্রহ করছে। এতে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচনে অংশ গ্রহণের সুযোগ বেড়েছে।"
মনোয়নপত্র বাছাইয়ের বিষয়ে তিনি বলেন, "প্রার্থীরা নির্বাচন কমিশনের শত্র" নয়। আইনি প্রক্রিয়ার মধ্যে প্রার্থী বাছাই হবে। কোনও কারণে মনোনয়ন বাতিল হলে আপিলের সুযোগও রয়েছে।"
এবার মনোনয়নপত্রে প্রথম খণ্ডের প্রথম অংশ (এক পৃষ্ঠা) পূরণ করবে প্রস্তাবকারী এবং দ্বিতীয় অংশ পূরণ করবে (এক পৃষ্ঠা) সমর্থনকারী, তৃতীয় অংশে প্রার্থী (এক পৃষ্ঠা) ঘোষণাপত্র স্বাক্ষর করবে; দুই পৃষ্ঠায় ১৪টি তথ্য দিয়ে প্রার্থীকে দ্বিতীয় খণ্ড পূরণ করতে হবে প্রার্থীকে। তিন পৃষ্ঠায় তৃতীয় (মনোনয়ন দাখিল), চতুর্থ (গ্রহণ/বাতিল) ও পঞ্চম খণ্ড (প্রাপ্তি স্বীকার) পূরণ করবে রিটার্নিং অফিসার।
ম্যাজিস্ট্রেট কিংবা নোটারি পাবলিকের স্বাক্ষর সম্বলিত চার পৃষ্ঠার হলফনামায় যে সব তথ্য দিতে হচ্ছে, তা হলো-প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (সিটি কর্পোরেশনের জন্য, পৌরসভার মেয়র ও কাউন্সিলরের জন্য নয়), ফৌজদারি মামলায় অভিযুক্ত কিনা, অতীতে মামলার রেকর্ড আছে কিনা (থাকলে রায় কী), পেশার বিবরণ, সম্ভাব্য আয়ের উৎস, নিজের ও অন্যান্য নির্ভরশীলদের সম্পদ ও দায়ের বিবরণী (স্থাবর-অস্থাবর সম্পদ ও দায়দেনা) এবং ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিলে তার বিবরণ।
হলফনামা ছাড়া যেসব কাগজপত্র সংযুক্ত করতে হচ্ছে, তা হলো- নির্বাচনী ব্যয়ের অর্থ প্রাপ্তির উৎস (আগে এটা মনোনয়নপত্র দাখিলের এক সপ্তাহ পরে দিতে হত), সম্পদ বিবরণীসহ সর্বশেষ দাখিলকৃত আয়কর রিটার্ন ও পরিশোধের প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে) এবং জামানতের টাকার রশিদ।
নির্বাচন বিধি অনুযায়ী, মনোনয়পত্রে কোনও অসত্য তথ্য দিলে কিংবা তথ্যের সমর্থনে কাগজপত্র জমা না দিলে রিটার্নিং অফিসার তা বাতিল করতে পারবে। মনোনয়নপত্র বাছাইয়ে প্রয়োজনে সংক্ষিপ্ত তদন্তও করতে পারবেন রিটার্নিং অফিসার। সর্বোচ্চ শাস্তি হিসাবে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।
গত ১৪ মে জারি করা 'স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ-২০০৮' ও 'স্থানীয় সরকার (পৌরসভা) অধ্যাদেশ-২০০৮' এর সঙ্গে সমন্বয় করে নির্বাচন কমিশন ১৭ জুন 'স্থানীয় সরকার (সিটি ও পৌর) নির্বাচন বিধিমালা-২০০৮' ও 'নির্বাচনী (সিটি ও পৌর) আচরণ বিধিমালা- ২০০৮' প্রণয়ন করে ।
সিইসিসহ নির্বাচন কমিশনাররা বিভিন্ন সময়ে বলেছেন, এবার আইন ও বিধি কঠোরভাবে অনুররণ করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৪৪৫ ঘ.
bdnews24