ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘোষিত সিটি এবং পৌর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি আওয়ামী লীগ। বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের কার্যনির্বাহী সংসদের বৈঠক আগামী শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠকটি বৃহস্পতিবার সকাল ১১ টায় শুরু হয়ে দুপুর সোয়া দুইটায় মুলতবি করা হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এসময় সাংবাদিকদের জানান, শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত কার্যনির্বাহী সংসদের বৈঠকটি মুলতবি করা হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা গত শুক্রবার বিকালে আগামী ৪ আগস্ট একযোগে দেশের চারটি সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় ভোট গ্রহণের সময়সূচি ঘোষণা করেন। তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল ৩ জুলাই, যাচাই-বাছাই ৬/৭ জুলাই ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই।
নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পরপরই আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান ঘোষিত তফসিল প্রত্যাহারের দাবি জানান। আর নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে 'অবস্থার পরিপ্রেক্ষিতে' সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, "নির্বাচন কমিশনের তফসিল ঘোষণাকে আমরা ষড়যন্ত্র বলে মনে করি। এই তফসিল ঘোষণা ঠিক হয়নি। সরকার এটা করে জনমতের বিরুদ্ধে কাজ করেছে।"
এর দুই দিন পর দল থেকে জানানো হয়, স্থানীয় নির্বাচনের বিষয়ে ২৪ জুন দলের সভাপতিমণ্ডলী এবং ২৬ জুন কার্যনির্বাহীর সংসদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত মঙ্গলবার আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর বৈঠকে নির্বাচনে অংশ নেওয়া বিষয়ে কোনো আলোচনাই হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৫৪৪ঘ.
bdnews24