২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা প্রত্যাহার হলে স্থানীয় নির্বাচন নিয়ে ভাববে আ'লীগ

স্থানীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়ে বুধবার আওয়ামী লীগ নেতারা বলেছেন, এটি হলে ওই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার এক আলোচনাসভায় ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "জরুরি অবস্থার মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। জরুরি অবস্থা প্রত্যাহার করলে চিন্তা করে দেখা যাবে আমরা স্থানীয় নির্বাচনে যাব কিনা।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় নির্বাচনের আগে জরুরি অবস্থা প্রত্যাহারের শর্ত জুড়ে দিয়ে বুধবার আওয়ামী লীগ নেতারা বলেছেন, এটি হলে ওই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার এক আলোচনাসভায় ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেন, "জরুরি অবস্থার মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। জরুরি অবস্থা প্রত্যাহার করলে চিন্তা করে দেখা যাবে আমরা স্থানীয় নির্বাচনে যাব কিনা।" এতদিন আওয়ামী লীগ সবার আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানাচ্ছিল। গত শুক্রবার নির্বাচন কমিশন চার সিটি কর্পোরেশন ও নয়টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণার পর জিল্লুর রহমান একে 'তামাশা' আখ্যায়িত করে প্রত্যাহারের দাবি জানান। প্রতিষ্ঠাবার্ষিকীর ৫৯ বছর উপলক্ষে বুধবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনাসভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদ সরকারের উদ্দেশে তিনি বলেন, "যদি মনে করেন, জরুরি অবস্থার মধ্যে নির্বাচন করবেন তা হলে ভুল করবেন। জরুরি অবস্থার মধ্যে ও শেখ হাসিনাকে ছাড়া নির্বাচন কোনো অবস্থাতেই আমাদের কর্মীরা মেনে নেবে না।" সভাপতিমণ্ডলীর আরেক সদস্য আব্দুর রাজ্জাক দলের প্রধান শেখ হাসিনাকে নিয়েই নির্বাচনে অংশগ্রহণের আশা প্রকাশ করে বলেন, "নেতাকর্মীদের চাপের মুখেই শেখ হাসিনাকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে। এখানে কোনো সমঝোতার রাজনীতি হয়নি।" তোফায়েল আহমদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থায় উদ্বেগ প্রকাশ করে সুচিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানান। সরকার দেশকে বিরাজনীতিকরণের চেষ্টা করছে অভিযোগ তুলে তিনি পৌরসভা ও সিটি করপোরেশনের নির্বাচনী তফসিল প্রত্যাহারের দাবি জানান। সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, আতাউর রহমান খান কায়সার, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল বোস, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, মাহমুদুর রহমান মান্না, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ। সভার শুরুতেই জাতীয়, আওয়ামী লীগের দলীয় ও গণসঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পগোষ্ঠীর সদস্যরা। মঞ্চের দু'দিকে টাঙানো ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তাজউদ্দিন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান এবং মনসুর আলীর ছবি। আর মঞ্চের ঠিক পেছনেই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/এমএইচবি/২১৪৯ ঘ.