ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের কারাবন্দি নেতা মোহাম্মদ নাসিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্ট্রোকের কারণে তার শরীরের বাঁ পাশ অবশ (প্যারালাইজ্ড) হয়ে পড়েছে।
ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালের সমন্বয়কারী অবসরপ্রাপ্ত মেজর ডা. একেএম মাহবুবুল হক বুধবার বিকেলে সাংবাদিকদের বলেন, "মোহাম্মদ নাসিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে এবং এখন তাকে শঙ্কামুক্ত বলা যেতে পারে। আজ তাকে তরল খাবার দেওয়া হয়েছে। আগামীকাল থেকে স্বাভাবিক খাবার দেওয়া হতে পারে।"
মাহবুবুল হক জানান, গত ২৪ ঘন্টায় তার মস্তিস্কে নতুন করে কোনো রক্তক্ষরণ হয়নি এবং যেটুকু হয়েছিল তা অপরিবর্তিত অবস্থায় রয়েছে।
চিকিৎসার জন্য কারাবন্দি আওয়ামী লীগ নেতাকে বিদেশে পাঠানোর দরকার আছে কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, "বিদেশে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার। তবে এই ধরণের রোগের চিকিৎসা ল্যাবএইডে করা হচ্ছে।"
এদিকে মোহাম্মদ নাসিমকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের কাছে আবেদন করেছেন তার ছেলে তানভীর শাকিল জয় ও তার আইনজীবী অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম।
বুধবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের কাছে প্রধান উপদেষ্টা বরাবর করা আবেদনপত্রের একটি অনুলিপি জমা দেন তারা।
এতে অসুস্থ নাসিমকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে।
এর আগে সকালে অ্যাডভোকেট বাহারুল ইসলাম প্রধান উপদেষ্টার দপ্তরে নাসিমকে বিদেশ পাঠানোর আবেদনপত্রটি জমা দেন।
নাসিমের ছেলে তানভীর সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম এ বিষয়ে 'প্রয়োজনীয় ব্যবস্থা' নেওয়ার আশ্বাস দিয়েছেন ।
স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের বলেন, "নাসিম সাহেবের বিষয়ে সরকার অত্যন্ত সহানুভূতিশীল। আমি এখন যে চেয়ারে বসে আছি এর আগে তিনিও এ চেয়ারে ছিলেন।"
উপদেষ্টা বলেন, "দুর্নীতির মামলায় তার ১৩ বছর সাজা হয়েছে। তাই বিষয়টির সঙ্গে আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে। আইনগত কোনও প্রতিবন্ধকতা না থাকলে সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করবে।"
আবেদনপত্রে বলা হয়, "মোহাম্মদ নাসিম দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন। মঙ্গলবার মস্তিকে রক্তক্ষরণ জনিত কারণে তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তাই অবিলম্বে তাকে মুক্তি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হোক।"
মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে মোহাম্মদ নাসিমকে মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাত সদস্যের মেডিকেল বোর্ড তার চিকিৎসা দিচ্ছেন।
অসুস্থ নাসিমকে দেখতে বুধবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ল্যাবএইড হাসপাতালে যান।
সাংবাদিকদের তোফায়েল বলেন, "মোহাম্মদ নাসিমকে বিদেশ পাঠানোর বিষয়ে আমি নিজেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেমের সঙ্গে কথা বলেছি। সরকারের পক্ষ থেকেও এ বিষয়ে বৈঠক করা হবে বলে আমি শুনেছি।"
মোহাম্মদ নাসিমকে গত বছরের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়।
সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে মোহাম্মদ নাসিমের ১৩ বছরের কারাদণ্ড হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমকে/এসইউএম/আরবি/এমএআর/আরএ/এমআই/এসকে/১৮৪১ঘ.
bdnews24