দিনাজপুর, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মা প্রয়াত তৈয়বা মজুমদারের ব্যবহৃত একটি প্রাইভেট কার শুক্রবার বিকেলে কোতোয়ালি পুলিশ জব্দ করেছে।
দিনাজপুর শহরের বালু বাড়ি এলাকায় তৈয়বা মজুমদারের বাড়ি 'তৈয়বা ভিলা' থেকে গাড়িটি জব্দ করা হয়। জায়গার অভাবে এটি এখন স্থানীয় এক ব্যবসায়ীর জিম্মায় রাখা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা কার্যালয়ের উপ-পরিচালক জাবিদ হাসানের পাঠানো এক তারবার্তায় গাড়িটি জব্দ করার নির্দেশ দেওয়া হয়।
গাড়িটি খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের নামে কেনা হয়েছে বলে জানান তিনি। তবে এটি তৈয়বা মজুমদার জীবিতকালে ব্যবহার করতেন।
মতিয়ার রহমান জানান, শামীম ইস্কান্দার দুদক কার্যালয়ে সম্পদের হিসাব যে বিবরণী জমা দেন তাতে গাড়িটির উল্লেখ ছিল না। কিন্তু দুদকের তদন্তে দেখা যায় তার নামে এই গাড়িটি কেনা হয়েছে। এ ব্যাপারে গত ৫ মে ঢাকার রমনা থানায় শামীম ইস্কান্দারকে আসামি করে একটি মামলা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২৩৪৮ঘ.
bdnews24