বরিশাল, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার তার সাংবিধানিক দায়িত্ব পাশ কাটিয়ে সিটি করপোরেশন ও স্থানীয় নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।
তিনি বলেন, "বর্তমান সরকারের কাজ হল অবাধ সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন করা। কিন্তু তারা সেই সাংবিধানিক দায়িত্ব পাশ কাটিয়ে সিটি করপোরেশন থেকে শুরু করে স্থানীয় নির্বাচন করছে। এটা সংবিধান সম্মত নয়।"
বরিশাল নগরীর পুলিশ লাইনস রোডের একটি চাইনিজ রেস্তোরাঁয় জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে আমু এ কথা বলেন।
তিনি বলেন, "সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিশর্ত মুক্তিসহ আটক সব নেতাকর্মীর মুক্তির জন্য আইনি লড়াই অব্যাহত আছে। কিন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি দেশব্যাপী নেতাকর্মীদের সাংগঠনিক ভীত মজবুত করে কেন্দ্রের ঘোষিত কর্মসূচি পালন করে যেতে হবে।"
বরিশাল জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আ খ ম জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, মুশফিকুর রহমান খান, মহিলা লীগের সভানেত্রী শাহানারা আব্দুল্লাহ।
এছাড়াও আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/২১৫৬ ঘ.
bdnews24