ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরের জামিনের আবেদন নাকচ করে দিয়েছে আদালত।
মহিউদ্দিন খানের আইনজীবীরা বৃহস্পতিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জামিনের আবেদন করলে মহানগর হাকিম এ এম জুলফিকার হায়াত তা নাকচ করে দেন।
ঠিকাদারী প্রতিষ্ঠান আব্দুল মোমেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মোমেন গত বছরের ১০ অক্টোবর গুলশান থানায় এ মামলা করেন।
এজাহারে বলা হয়, আব্দুল মোমেন লিমিটেড ১৯৯৯ সালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে দাউদকান্দি সেতু পর্যন্ত সড়ক মেরামতের কাজ পাওয়ার পর মহিউদ্দিন খান আলমগীর প্রতিষ্ঠানটির কাছে ২ কোটি টাকা চাঁদা দাবি করেন। নইলে কার্যাদেশ বাতিলের হুমকি দেন তিনি। আব্দুল মোমেন এরপর বাধ্য হয়ে মহিউদ্দিন খানকে ১ কোটি টাকা চাঁদা দেন।
মহিউদ্দিন খান আলমগীর বর্তমানে কারাগারে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২১৫০ ঘ.
bdnews24