২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীর মুক্তির প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে: কোরেশী

শেখ হাসিনার মুক্তি পাওয়া এবং 'খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার চলমান প্রক্রিয়ায়' অস্বচ্ছতা রয়েছে বলে মনে করেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) আহবায়ক ফেরদৌস আহমেদ কোরেশী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 03:09 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

পাবনা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তি পাওয়া এবং 'খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার চলমান প্রক্রিয়ায়' অস্বচ্ছতা রয়েছে বলে মনে করেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) আহবায়ক ফেরদৌস আহমেদ কোরেশী। তিনি বলেন, "মেডিকেল বোর্ড সুপারিশ করলে সরকার যে কোন বন্দিকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে পারেন। সে ক্ষেত্রে এত লুকোচুরি করতে হবে কেন।" বৃহস্পতিবার দুপুরে শহরের বনমালী ইনস্টিটিউটে পাবনা জেলা পিডিপি'র সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কোরেশী এ কথা বলেন। তিনি বলেন, "নাইন ইলেভেনে টুইন টাওয়ার ধ্বংসের মাধ্যমে আমেরিকার গর্ব চুরমার হয়েছে তেমনি ওয়ান ইলেভেনের মাধ্যমে বিএনপি ও আওয়ামী লীগের দীর্ঘদিনের দুঃশাসন ও পরিবারতন্ত্র থেকে জনসাধারণ মুক্তি পেয়েছে।" কোরেশী বলেন, "মানুষ আর তাদের শাসন চায় না। জনগণ এখন পরিবর্তন চায়।" পাবনা জেলা পিডিপি'র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পিডিপি'র কেন্দ্রীয় নেতা ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন। আরও বক্তব্য রাখেন- পিডিপি'র কেন্দ্রীয়নেতা আনোয়ারুল হক, মুরাদ আহমেদ, রাজশাহীর পিডিপি নেতা অ্যাডভোকেট রায়হানুর রহমান রায়হান, সাবেক সাংসদ আব্দুল বারী সরদার, পাবনা জেলা পিডিপি'র সদস্য সচিব সাইদুল ইসলাম মান্না সরদার প্রমূখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএইচবি/২১০৫ ঘ.