ঢাকা, জুন, ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলালকে তিন মাসের জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ সিগমা ও হেলালের জামিনের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে এই আদেশ দেন।
দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত অ্যাডভোকেট সিগমা হুদা ও মীর হেলালকে গত ৫ জুন তিন মাসের জামিন মঞ্জুর করেছিল হাইকোর্ট।
এর বিরুদ্ধে দুদকের দায়ের করা লিভ টু আপিলের ওপর দুদকের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান। সিগমা হুদার পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক। মীর হেলালের পক্ষে শুনানি করে সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুবউদ্দিন আহমাদ।
আপিল বিভাগের আদেশের পর দুদকের কৌসুলি খুরশিদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আপিল বিভাগ দুদকের লিভ টু আপিল খারিজ করে দিয়েছে। ফলে সিগমা হুদা ও মীর হেলালের জামিন বহাল রয়েছে।"
গতবছর ২৭ আগস্ট একটি দুর্নীতির মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদাকে ৭ বছর ও তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছর কারাদণ্ড দিয়েছিল ঢাকার বিশেষ আদালত।
মামলার অভিযোগে বলা হয়েছিল, সিগমা হুদার ব্যাংক হিসাব নম্বরে ঠিকাদার মীর জাহিদ ব্যারিস্টার নাজমুল হুদার কথা অনুযায়ী ২ কোটি ৪০ লাখ টাকা ঘুষ জমা দেন।
অন্যদিকে সম্পত্তির তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের দায়ে গত ৪ জুলাই ঢাকার বিশেষ আদালত সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাসিরকে ১৩ বছর ও তার ছেলে মীর হেলালকে ৩ বছর কারাদণ্ড দেয়।
জরুরি ক্ষমতা বিধিমালার ১১ (৩) বিধিতে বলা হয়েছে, দুর্নীতি সম্পর্কিত অপরাধের অভিযোগে দণ্ডাদেশপ্রাপ্ত কোনো ব্যক্তি এর বিরুদ্ধে আপিল করলে আপিল আদালত আপিল চলাকালীন সময়ে ওই দণ্ডাদেশপ্রাপ্ত ব্যক্তিকে জামিনে মুক্তি দেওয়া কিংবা নিম্ন আদালতের রায় ও আদেশের কার্যকারিতা স্থগিত করতে পারবে না।
কিন্তু গতবছর ১৩ ডিসেম্বর হাইকোর্ট সিগমা হুদা ও মীর হেলালের আপিলের পরিপ্রেক্ষিতে দেওয়া রায়ে বলেছিল, দুর্নীতির অপরাধে দন্ডপ্রাপ্ত ব্যক্তিকে জামিন দেওয়ার ক্ষমতা হাইকোর্টের রয়েছে। একই রায়ে সাজাপ্রাপ্ত সিগমা হুদা ও মীর হেলালকে জামিন দিয়েছিল হাইকোর্ট।
গত ৬ মার্চ দণ্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার রায়ের বিরুদ্ধে সরকার ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আপিল মঞ্জুর করে জামিন বাতিল করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
তবে সুপ্রিম কোর্ট তার অভিমতে বলেছিল, জরুরি ক্ষমতা আইনে দন্ডপ্রাপ্তদের জামিন দেওয়ার ক্ষমতা আপিল আদালতের নেই। অল্প দণ্ডের ক্ষেত্রে আসামী গুরুতর অসুস্থ হলে এবং এ বিষয়ে মেডিকেল বোর্ডের সনদ থাকলে সেক্ষেত্রে আপিল আদালত তার জামিন বিবেচনা করতে পারবে।
এছাড়া ৯০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি না করতে পারলেও আপিল আদালত দণ্ডপ্রাপ্তদের জামিন বিবেচনা করতে পারবে।
সুপ্রিম কোর্টের এসব অভিমতের আলোকে সিগমা হুদা ও মীর হেলাল আবার জামিন আবেদন জানালে হাইকোর্ট তাদের আবার জামিন দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৭৫৫ঘ.
bdnews24