২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুদা দম্পতির বিরুদ্ধে আরেকটি ঘুষের মামলা

যমুনা সেতুর রক্ষণাবেক্ষণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ছয় লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 03:52 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যমুনা সেতুর রক্ষণাবেক্ষণের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ঠিকাদারের কাছ থেকে ছয় লাখ টাকা ঘুষ নেয়ার অভিযোগে সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা ও তার স্ত্রী অ্যাডভোকেট সিগমা হুদার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। কমিশনের সহকারী পরিচারক বেলাল হোসেন বুধবার বিকেলে রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করেন। এজাহারের বরাত দিয়ে মতিঝিল থানার উপ পরিদর্শক আলী আহম্মেদ জানান, যমুনা সেতুর রক্ষণাবেক্ষণের কাজ পাওয়ার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডের চেয়ারম্যান তখনকার যোগাযোগমন্ত্রী নাজমুল হুদাকে ৬ লাখ টাকা ঘুষ দেন। ২০০৪ সালের ৩০ মে থেকে ২০০৬ সালের ১৮ অক্টোবর সময়ের মধ্যে অগ্রণী ব্যাংকের আমিনকোর্ট শাখায় ১৯টি চেকের মাধ্যমে এই অর্থ লেনদেন হয়। সিগমা হুদা ঘুষ নেওয়ার ক্ষেত্রে স্বামীকে সহযোগিতা করেন। এর আগে ঘুষ নেওয়ার তিনটি মামলায় নাজমুল হুদাকে মোট ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া অবৈধ সম্পত্তির মালিক হওয়া এবং সম্পদের তথ্য গোপনের দায়ে আরও ১২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। আর আড়াই কোটি টাকা ঘুষ নেওয়ায় অভিযোগে দায়ের একটি মামলায় স্বামীকে সহযোগিতার অভিযোগে সিগমা হুদাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। যৌথবাহিনীর সদস্যরা গত বছরের ৩ ফেব্র"য়ারি নাজমুল হুদাকে গ্রেপ্তার করে। সিগমা হুদাকে গ্রেপ্তার করা হয় ৫ জুলাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিসি/জেকে/২১৪৬ ঘ.