ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মঙ্গলবার আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় কমিশন (ইসি)। বৈঠকে আওয়ামী লীগ নেতারা ইসি প্রতিনিধিদের বলেন, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব। জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে এই সরকারকে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার করতে হবে।
ইসির মানবাধিকার ও গণতন্ত্রায়ন ইউনিটের নির্বাচন ডেস্কের প্রধান যোল্ট বেয়ারটফাইয়ের নেতৃত্বে আট সদস্যের প্রাক নির্বাচন প্রতিনিধিদল সকালে বৈঠকের জন্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের বাসায় যায়।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "আমরা সর্বাগ্রে জাতীয় নির্বাচন চাই। সেইসঙ্গে অবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। আমরা মনে করি, জনগণের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরই তত্ত্বাবধায়ক সরকারের মূল দায়িত্ব। এই সরকারের এমন কিছু করা ঠিক হবে না যাতে নির্বাচন ব্যাহত হয়।"
সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টার এই বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রোয়েন উপস্থিত ছিলেন।
যোল্ট বেয়ারটফাই সাংবাদিকদের জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবার সঙ্গে আলোচনার ভিত্তিতেই তারা ব্রাসেল্সে কমিশনারের কাছে প্রতিবেদন পাঠাবেন। ওই প্রতিবেদনের ভিত্তিতেই আগামী নির্বাচনের সময় পর্যবেক্ষক পাঠানো হবে।
বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ পর্যবেক্ষণ করতে ইসির দলটি ঢাকায় এসেছে। পর্যায়ক্রমে প্রতিনিধিদলটি গণ মাধ্যম, রাজনৈতিক দল ও সুশীল সমাজসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করবে।
আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে আগামী জাতীয় নির্বাচন, নির্বাচনী আইন ও তারিখ, স্থানীয় নির্বাচন এবং প্রস্তাবিত জাতীয় নিরাপত্তা কাউন্সিল নিয়ে আলোচনা হয়েছে।
নিরাপত্তা কাউন্সিল প্রসঙ্গে সৈয়দ আশরাফুল বলেন, "এ মুহূর্তে নয়, আগামী সংসদেই এটা নিয়ে আলোচনা হতে পারে। পাঁচ মাস বা এক বছর পর কী হবে তা নিয়ে আলোচনা করে নির্বাচন ব্যাহত হোক তা আমরা চাই না।"
তিনি আরো বলেন, "দু'সপ্তাহে ২৮ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এরকম হলে তো কারো পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। আমরা চাই না - এভাবে আতঙ্ক সৃষ্টি করা হোক।"
বৈঠকে আওয়ামী লীগ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী ও সাবের হোসেন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এমএ/১৫৫০ ঘ.
bdnews24