ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- 'সালাম দিলে জবাব দিতে হয়' এভাবেই গ্যাটকো মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবীকে পরামর্শ দিলেন মামলার প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
সোমবার বিশেষ আদালত-৩ এ হাজির হতে আদালত কক্ষে প্রবেশের পথেই এ দৃশ্যের অবতারণা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজলসহ অন্য আইনজীবীদের সালাম দিয়ে খালেদা জিয়া বলেন,''আপনারা সরকারপক্ষের আইনজীবী। সালাম দিলে জবাব দিতে হয়- এটাও ভুলে গেছেন। কেমন আছেন আপনারা।''
এ পর্যায়ে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল দাঁড়িয়ে মুচকি হেসে তার প্রতি সম্মান জানান। তবে কোনো কথা বলেননি। এ সময়ে কাজলের পাশে রাষ্ট্রপক্ষের অপর আইনজীবী মিজানুর রহমান ও এস গোলাম হাফিজও ছিলেন।
এর আগে আদালত কক্ষে প্রবেশের মুখে কারাবন্দী সালাহউদ্দিন কাদের চৌধুরী, আলী আজগর লবি ও নাসিরউদ্দিন আহমেদ পিন্টু খালেদা জিয়াকে সামনে পেয়ে সালাম দেন। খালেদা জিয়া তাদের কুশল জিজ্ঞাসা করেন এবং সালাহউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে কথা বলেন।
এদিকে আদালতের কাঠগড়ায় এসে পৌঁছলে অন্য আসামী সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও মতিউর রহমান নিজামীকে কাছে ডেকে খালেদা জিয়া কথা বলেন।
এ সময়ে আবদুল মান্নান ভুঁইয়া খানিকটা দূরে একা বসেছিলেন। তবে খালেদা জিয়া কাঠগড়ায় ওঠার পর তিনি হাত তুলে তাকে সালাম দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/এমএ/১৫৩০ ঘ.
bdnews24