ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বাজেট দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে আওয়ামী লীগ বলেছে, প্রস্তাবিত বাজেট দেশকে আরও সঙ্কটে ঠেলে দেবে। বাজেটে কর ধার্যের বিষয়টি সংবিধান লঙ্ঘন বলেও দাবি করেছে দলটি। এছাড়া বাজেট ঘোষণার আগে এনিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করায় সরকারের সমালোচনাও করেছে তারা।
২০০৮-০৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর রোববার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় আওয়ামী লীগ।
অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম গত ৯ জুন ২০০৮-'০৯ অর্থবছরের জন্য ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার হার এবং এর সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানোসহ সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে ১৬ হাজার ৯৩২ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ৩০ হাজার ৫৮০ কোটি টাকার এ ঘাটতি বাজেটে জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫।
উপদেষ্টার প্রস্তাবিত বাজেটকে 'জনকষ্টের মন ভোলানো অনুন্নয়ন' হিসাবে আখ্যায়িত করে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের অর্থ সম্পাদক অধ্যাপক আলী আশরাফ বলেন, "এই বাজেট সঙ্কট উত্তরণ নয়, বরং দীর্ঘমেয়াদে সঙ্কট গভীরতর করবে।"
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাজেটের বৈধতার প্রশ্ন তুলে আলী আশরাফ বলেন, "আমরা মনে করি, সংবিধানের ৫৮ (ঘ) অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তী তত্ত্বাবধায়ক সরকারের কোনও বাজেট দেওয়ার এখতিয়ার নেই। নির্বাচন দীর্ঘায়িত করে অনির্বাচিত সরকারের দ্বিতীয়বার বাজেট পেশ কোনও যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।"
কর আরোপের বিষয়ে সংবিধানের ৮৩ অনুচ্ছেদ উল্লেখ করে আওয়ামী লীগের অর্থ সম্পাদক বলেন, "অনির্বাচিত এই সরকার সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছে।"
সংবিধানের ৮৩ অনুচ্ছেদে বলা হয়েছে, সংসদ কোনও আইনের দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনও কর আরোপ বা সংগ্রহ করা যাবে না।
বাজেট প্রণয়নের আগে রাজনৈতিক দলের সঙ্গে সরকার আলোচনা না করায় হতাশা প্রকাশ করে আলী আশরাফ বলেন, "সরকার বাজেট নিয়ে সমাজের কোনও গোষ্ঠী বা অংশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করলেও রাজনৈতিক দল বা জনগণের সঙ্গে কোনও আলোচনা করেনি। এতে সরকারের অরাজনীতিকায়নের দৃষ্টিভঙ্গীই প্রকাশিত হয়েছে।"
তিনি বলেন, "সরকারের উচিত ছিলো ডিসেম্বর পর্যন্ত একটি অন্তর্বর্তীকালীন বাজেট দেওয়া, যাতে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর সংশোধিত পূর্ণাঙ্গ বাজেট প্রণয়ন করতে পারত।"
প্রস্তাবিত বাজেটের ফলে দ্রব্যমূল্য বেড়ে যাবে এবং সামষ্টিক অর্থনীতিতেই বিপর্যয় নেমে আসবে বলে আওয়ামী লীগের আশঙ্কা।
আলী আশরাফ বলেন, "অনেক অর্থনীতিবিদ এই বাজেটকে 'জনতুষ্টিবাদী' বা ব্যয় ঠিক করে আয়সন্ধানী বাজেট বলে আখ্যায়িত করেছেন। আমাদের মতে- এই বাজেট না জনতুষ্টিবাদী, না উন্নয়নমূলক। জনগণকে খুশি করার জন্য এডহক ভিত্তিতে যে সব খাতে বরাদ্দ করা হয়েছে, মূল্যস্ফীতির আগ্রাসনে তা উল্টে যেতে পারে।"
"ঘোষিত বাজেটে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে যে ধারণা দেওয়া হচ্ছে, কার্যত তা অসত্য বলে প্রমাণিত হওয়ার আশঙ্কা ইতিমধ্যে স্পষ্ট হয়েছে", লিখিত বক্তব্যে মন্তব্য করা হয়।
আলী আশরাফ বলেন, "অপ্রদর্শিত আয় বিনিয়োগ করার সুযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নৈতিকতার সঙ্গে যুক্ত। অপ্রদর্শিত আয় যদি অনুন্নত ও মঙ্গাপীড়িত এলাকার মতো জায়গায় বিনিয়োগের সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে তা ফলপ্রসূ হিসাবে গণ্য করা যেতে পারে।"
তবে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিপর্যয় মোকাবেলায় ৩০০ কোটি টাকা বরাদ্দ, আঞ্চলিক বৈষম্য হ্্রাসের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দ, এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, কম্পিউটার ও এর যন্ত্রাংশের আমদানিতে শুল্কহার কমিয়ে আনা, মৌলিক কাঁচামালের শুল্কহার হ্্রাস, এমএস রডের আমদানি শুল্ক হ্্রাস এবং সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়াকে বাজেটের ইতিবাচক দিক হিসাবে দেখছে আওয়ামী লীগ।
এর পাশাপাশি রেশনিং প্রথা পুনরায় চালু, গার্মেন্টস শ্রমিকদের জন্য সরকার ও মালিকপক্ষের যৌথ উদ্যোগে ওএমএস চালু, পাট শিল্পের পুনরুজ্জীবন এবং শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রস্তাবও করেছে আওয়ামী লীগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৮৩৮ ঘ.
bdnews24