খুলনা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম হত্যা মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। এ অভিযোগপত্রে নতুন কাউকে আসামি করা হয়নি।
রোববার খুলনা মুখ্য মহানগর হাকিম মো. মাহবুবুর রহমানের কাছে অভিযোগপত্রটি দাখিল করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক চিত্তরঞ্জন পাল।
আগের অভিযোগপত্রে পাঁচকে অভিযুক্ত করা হয়েছিল। সম্পূরক অভিযোগপত্রে তাদের একজনকে বাদ দেওয়া হয়েছে। নতুন আর কাউকে আসামি করা হয়নি।
অভিযুক্ত চার আসামি হলেন- একটি চরমপন্থী দলের সদস্য শাহাদাৎ হোসেন, রাব্বি ওরফে রিপন, গনেশ ব্যানার্জী ও শুকুর আলী।
২০০৪ সালের ২০ আগস্ট রামপালে র্যাবের সঙ্গে ক্রসফায়ারে নিহত হওয়ায় চরমপন্থী দলের অপর সদস্য ইমাম সরদারকে বাদ দেওয়া হয়েছে।
মঞ্জুরুল ইমামের বড় ছেলে আব্দুল্লাহ হারুন রুমি এ বছর ২৫ ফেরুয়ারি খুলনা বিভাগীয় দ্রুত বিচার আদালতে সাক্ষ্য দেওয়ার সময় তার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে খুলনা আওয়ামী লীগের কয়েকজন নেতার জড়িত থাকার বিষয়টি উল্লেখ করে মামলার অধিকতর তদন্ত দাবি করেন।
এরপর ১৮ মার্চ বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আবু জাফরের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক আব্দুস সালাম সিকদার মামলাটির অধিকতর তদন্তের নির্দেশ দেন।
একইসঙ্গে মামলার নথিপত্র মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়।
মুখ্য মহানগর হাকিম আদালত ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দেয়।
অধিকতর তদন্তে হত্যাকান্ডের সঙ্গে আওয়ামী লীগের চার নেতার জড়িত থাকার সত্যতা মেলেনি বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
অভিযোগপত্রের বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ হারুন রুমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অভিযোগপত্র দাখিল হয়েছে শুনেছি।"
এ ব্যাপারে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
২০০৩ সালের ২৫ আগস্ট নগরীর শামসুর রহমান রোডে নিজের বাসার অদূরে আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল ইমাম সন্ত্রাসীদের হামলায় নিহত হন। হামলায় তার সঙ্গী অ্যাডভোকেট বিজন বিহারী মণ্ডল এবং তাদের বহনকারী রিক্সাচালক সাইদুল ইসলাম আকন্দও মারা যান।
এ ঘটনায় মঞ্জুরুল ইমামের ছোট ছেলে আব্দুল্লাহ আল মামুন জামি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে খুলনা সদর থানায় মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৭ ঘ.
bdnews24