২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসিকে সরকার প্রধানের সচিবালয়ের অধীনে চান খোকা

ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) কার্যকর করতে একে 'মেট্রোপলিটন গভর্নমেন্ট' এর আদলে গড়ে তোলার জন্য আবারো জোর দাবি জানিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। এজন্য ডিসিসিকে সরকার প্রধানের সচিবালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 11:16 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) কার্যকর করতে একে 'মেট্রোপলিটন গভর্নমেন্ট' এর আদলে গড়ে তোলার জন্য আবারো জোর দাবি জানিয়েছেন মেয়র সাদেক হোসেন খোকা। এজন্য ডিসিসিকে সরকার প্রধানের সচিবালয়ের অধীনে নেওয়ার প্রস্তাব করেছেন তিনি। রোববার দুপুরে ডিসিসি'র ২০০৮-০৯ অর্থবছরের বাজেট ঘোষণার সময় তিনি এ প্রস্তাব করেন। আগামী অর্থবছরে ডিসিসির জন্য এক হাজার ৯ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। চলতি ২০০৭-০৮ অর্থবছরের মতো নতুন বাজেটেও নতুন কোনো করারোপ করা হয়নি। গুলিস্তানে কাজী বশীর মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) বাজেট ঘোষণার সময় মেয়র খোকা ঢাকা মহানগরের জনসংখ্যার কথা বিবেচনা করে একটি নতুন মাস্টার প্ল্যান প্রণয়নের ওপর জোর দেন। তিনি বলেন, "বহু বিভাগ, দপ্তর-অধিদপ্তরের মধ্যে সমন্বয়ের অভাবে মহানগরীতে সুষম উন্নয়ন অসম্ভব হয়ে পড়েছে। তাই ডিসিসিকে সরকারের প্রধানের সচিবালয়ের অধীনে এনে মেটোপলিটন গভর্নমেন্টের আদলে মনোন্নয়ন করে একটি কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার দাবি আবারো জানাচ্ছি। আগামী দিনে সুন্দর ঢাকা মহানগরী গড়ার জন্য এটি প্রয়োজন।" সিটি করপোরেশনগুলোকে এক আইনের আওতায় এনে সরকারের জারি করা অধ্যাদেশের বিরোধিতা করেন তিনি। ডিসিসি'র নতুন বাজেটে নিজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫৩৬ কোটি ৫১ লাখ টাকা। নগরীর সড়ক অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ১৭০ কোটি টাকা ৪০ লাখ টাকা, কবরাস্থান ও শশ্মান উন্নয়ন খাতে ১০ কোটি টাকা, জিয়া শিশু পার্কসহ অন্যান্য পার্ক ও খেলার মাঠ উন্নয়নে ১১ কোটি ৫০ লাখ টাকা, পরিবেশ উন্নয়নে ৮ কোটি ৭০ লাখ টাকা, ডোবা-জলাশয় ও ঝিল উন্নয়নে ২ কোটি টাকা এবং ডাস্টবিন ও পাবলিক টয়লেট নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সাদেক হোসেন খোকা জানান, মহানগরীর উন্নয়নের জন্য মোট ৬৯২ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে যা, মোট বাজেটের প্রায় ৬৯ ভাগ। তিনি বলেন, "বাজেটে বিগত বছরগুলোর মতোই বাড়িঘরের ওপর কোনো নতুন কর আরোপ হয়নি। বরং কর আদায়ের প্রক্রিয়াকে গতিশীল করা হয়েছে।" ওয়ার্ড কমিশনার ও গণমাধ্যম কর্মীদের সামনে বাজেট ঘোষণার সময় মেয়র খোকার সঙ্গে ছিলেন, ডিসিসি'র সচিব গোলাম মোস্তফা, বাজেট প্রণয়ন কমিটির আহ্বাক কাজী আবুল বাশার, প্রধান প্রকৌশলী কর্নেল আসফাকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কর্নেল এম শওকত আলী ও প্রধান রাজস্ব কর্মকর্তা এম নুুরুন্নবী। ২০০২ সালের ১৫ মে মেয়র নির্বাচিত হওয়ার পর এটি সাদেক হোসেন খোকার ঘোষণা করা সপ্তম বাজেট। ২০০৬ সালের ১৪ মে পাঁচ বছরে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও ডিসিসি'র নির্বাচন না হওয়ায় দায়িত্ব পালনের সুবাদে তিনি অতিরিক্ত দু'বার বাজেট উপস্থাপনের সুযোগ পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৭১১ ঘ.