ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- দুই নেত্রীর মুক্তির বিষয়ে সরকার পক্ষপাতমূলক কোনও আচরণ করছে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ দাবি করেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হলেও অপর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এখন কারাগারে থাকাটা সরকারের বৈষম্যমূলক আচরণ কি না- প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, "শেখ হাসিনার মুক্তির পর অন্যদের মুক্তির বিষয়টিও সরকারের বিবেচনায়ন রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আবেদন করলে সেটিও বিবেচনা করা হবে।"
এম এ মতিন বলেন, "শেখ হাসিনা তার মুক্তির জন্য আবেদন করেছেন। তাই তাকে মুক্তি দেওয়া হয়েছে। খালেদা জিয়া মুক্তির আবেদন না করায় অন্তরীণ রয়েছেন। এক্ষেত্রে বৈষম্যমূলক কোনও আচরণ করা হয়েছে বলে আমি মনে করি না।"
খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর মুক্তির অগ্রগতির বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "আরাফাত রহমানের একটি ছাড়া সব স্বাস্থ্য পরীক্ষাই যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন সেখানেই হয়েছে। তার বিষয়ে সরকার দৃষ্টি রাখছে। আর তারেক রহমানের আবেদন আজই (রোববার) পেয়েছি। তাদের চিকিৎসার জন্য বাইরে পাঠানো হবে কি না, তা সরকারের সিদ্ধান্তের ব্যাপার। একই সঙ্গে এখানে আইনি প্রক্রিয়ার বিষয়ও জড়িত আছে।"
বিদেশে চিকিৎসাধীন শেখ হাসিনা কোনও রাজনৈতিক সভা-সমাবেশে বক্তৃতা করতে পারবেন কি না- জানতে চাওয়া হলে এম এ মতিন বলেন, "এ বিষয়ে সংলাপের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারাই যথাযথ বলতে পারবেন। তবে এ ধরনের মুক্তির ক্ষেত্রে সভা-সমাবেশে বক্তৃতা দেওয়ার সুযোগ নেই। সরকার যে কোনও মুহূর্তে সাময়িক মুক্তি বাতিল করতে পারে- এই শর্তেই তাকে মুক্তি দেওয়া হয়েছে।"
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গত ২৮ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানের বিষয়ে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়।
জরুরি বিধিমালায় সংশোধনে সরকারের উদ্যোগের বিষয়ে উপদেষ্টা মতিন বলেন, "জরুরি ক্ষমতা অধ্যাদেশ ও বিধিমালা জারির পর স্বাভাবিক নিয়মে সব মামলা এ আইনে হয়েছে। তবে ভবিষ্যতে যে সব মামলা দায়ের করা হবে সেগুলোতে জরুরি ক্ষমতা অধ্যাদেশ প্রয়োগ কতটুকু হবে কিংবা আদৌ হবে কি না- সে বিষয়টি সংশোধনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। আইন উপদেষ্টার নেতৃত্বাধীন এ কমিটি বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন।"
দীর্ঘতম জরুরি অবস্থায় বারবার বিধি সংশোধন সরকারের পিছু হটার লক্ষণ কি না- সাংবাদিকদের এ প্রশ্নে উপদেষ্টা বলেন, "জরুরি বিধি ব্যর্থ হয়েছে এমনটা বলা যাবে না। এটা পিছু হটার বিষয়ও নয়। দেশের প্রয়োজনে সরকার এ ধরনের সংশোধন করতেই পারে।"
এম এ মতিন জানান, সরকার জরুরি বিধির ১৬(২) এবং ১৯(ঞ) ধারায় গ্রেপ্তারকৃতদের মুক্তির বিষয়ে ইতিবাচক কিছু পদক্ষেপ নিয়েছে। এ সব ধারায় গ্রেপ্তারকৃত যারা এখন পর্যন্ত নির্ধারিত সাজার দুই-তৃতীয়াংশ ভোগ করেছে, তাদের মুক্তি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।
এক্ষেত্রে তিনি বলেন, "বিষয়টি নিয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও মহানগর এলাকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের কাছ থেকে প্রস্তাব পাওয়া গেলে সরকার চূড়ান্ত পদক্ষেপ নেবে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব আবদুল করিম, পুলিশের মহাপরিদর্শক নুর মোহাম্মদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (রাজনৈতিক) জাবেদ আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমআই/১৫০৮ ঘ.
bdnews24