ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারাধীন আসামির বিষয়ে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের ওপর কোনও পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে বলে সন্দেহ করছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বিষয়টি তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি।
দুর্নীতির অভিযোগে আটক রাজনৈতিক নেতাদের বিচারে অনমনীয় থাকতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, 'যেনতেনভাবে' এ বিচার যেন শেষ না হয়।
শুক্রবার রাজধানীর আরামবাগে গণফোরাম কার্যালয়ে যুব গণফোরাম কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় ড. কামাল বলেন, "দুর্নীতির অভিযোগে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে এখন পর্যন্ত যে মামলাগুলো হয়েছে, এগুলো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত প্রক্রিয়ার দিকে নিয়ে যাওয়া উচিৎ। কারও চাপে মাথা নত করে যেনতেনভাবে মামলাগুলো শেষ যেন না হয়।"
গণফোরাম সভাপতি বলেন, "নিশ্চয়ই কোনও পক্ষ সরকারকে বিচারাধীন আসামির পক্ষে চাপ সৃষ্টি করছে। নিশ্চয়ই কোনও লবি এক্ষেত্রে কাজ করেছে।"
তিনি বলেন, "কাদের আদেশে, কারা আপনাদের (সরকার) প্রভাবিত করেছে। আমি তার তদন্ত দাবি করছি।"
দুর্নীতিতে অভিযুক্ত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বুধবার সাময়িক মুক্তি দেয় সরকার। চিকিৎসার জন্য তিনি পরদিন যুক্তরাষ্ট্র যান। সরকার জানিয়েছে, কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসায়ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
সরকারকে অনমনীয় থাকার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন বলেন, "আপনাদের দৃঢ়তার পরীক্ষা হচ্ছে, সততার পরীক্ষা হচ্ছে। ১৫ কোটি মানুষ আপনাদের সঙ্গে আছে। আপনারা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিন। কারও কাছে মাথা নত করবেন না।"
আগামী নির্বাচনে সৎ, যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, "যারা দুর্নীতি করে রাজনীতির মাঠ থেকে সরে গেছে, তারা যেন আর ফিরে না আসতে পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে।"
যুব গণফোরামের নেতাদের উদ্দেশে তিনি বলেন, "শুধু নেতা হওয়ার উদ্দেশ্যে রাজনীতি করবেন না। জনগণের জন্য সত্যিকার অর্থে কাজ করার লক্ষ্যে রাজনীতি করুন। এ জন্য এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নিন।"
যুব গণফোরামের বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য পংকজ ভট্টাচার্য্য, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/এমআই/জিএনএ/১৫০১ ঘ.
bdnews24