২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার নির্দেশে আ. লীগ নির্বাচনের দিকে এগুচ্ছে: আশরাফুল

শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে গেলেও আওয়ামী লীগ তার নির্দেশ অনুযায়ী 'সুষ্ঠু নির্বাচনের দিকে' অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা চিকিৎসার জন্য বিদেশে গেলেও আওয়ামী লীগ তার নির্দেশ অনুযায়ী 'সুষ্ঠু নির্বাচনের দিকে' অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেছেন, "শেখ হাসিনার সাময়িক মুক্তি অচিরেই স্থায়ী মুক্তির রূপ নেবে।" বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমানের গুলশানের বাসায় ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার নরম্যান ডানকানের সঙ্গে বৈঠকের পর আশরাফুল সাংবাদিকদের এ কথা বলেন। প্রায় আধঘণ্টা বৈঠক শেষে আশরাফুল সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ একটি নির্বাচনমুখী দল। নির্বাচনকে কেন্দ্র করেই দলের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। শেখ হাসিনাকে নিয়েই আগামী নির্বাচনে যাওয়ার প্রত্যয় জানিয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, "সরকারের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ প্রক্রিয়া শুরু হয়েছে। আলোচনার মাধ্যমেই ঐকমত্যে আসতে হবে। আওয়ামী লীগ প্রয়োজনে ১০/২০ বার সংলাপে যাবে।" তিনি জানান, সরকারের সঙ্গে সংলাপে আওয়ামী লীগ থেকে কে কে যাবে তা ঠিক করা হবে আগামী শনিবার দলের কার্যনির্বাহী কমিটির বৈঠকে। রোববার নামের তালিকা সরকারের কাছে পাঠিয়ে দেওয়া হবে। শেখ হাসিনা সাময়িক মুক্তি পেলেও আওয়ামী লীগের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে আশরাফুল বলেন, "এর ফলে ভোটারদের কাছাকাছি যাওয়ার সুযোগ তৈরি হবে এবং নির্বাচনী প্রস্তুতির কাজও হবে।" ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, "দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, আগামী নির্বাচন- এ সব নিয়ে আলোচনা হয়েছে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসাবে ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার বৃহস্পতিবার জিল্লুর রহমানের বাসায় যান। এর আগে গত বুধবার তিনি খালেদা জিয়া মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ারের সঙ্গে বৈঠক করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২১১১ ঘ.