২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার মুক্তিকে স্বাগত জানিয়েছেন দেলোয়ার

শেখ হাসিনার মুক্তিকে স্বাগত জানিয়েছেন খালেদা জিয়ার মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। হাসিনার মতো খালেদা জিয়ার দ্ইু ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও নির্বাহী আদেশে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তিকে স্বাগত জানিয়েছেন খালেদা জিয়ার মনোনীত বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। হাসিনার মতো খালেদা জিয়ার দ্ইু ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও নির্বাহী আদেশে মুক্তি দিয়ে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন তিনি। বুধবার নিজ বাসায় যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে খোন্দকার দেলোয়ার বুধবার সাংবাদিকদের বলেন,''শেখ হাসিনার মুক্তিতে আমরা খুশি। তার মতো নির্বাহী আদেশ দিয়ে অসুস্থ তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকেও দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়।'' দেলোয়ার অবশ্য গত সোমবার বলেছিলেন, "যে প্রক্রিয়ায় শেখ হাসিনাকে জামিন না দিয়ে বাইরে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে সেটা আইনসঙ্গত নয়।" বিশেষ আদালতে তারেক রহমানের এক মামলার শুনানি শেষে তিনি আরও বলেছিলেন, "শেখ হাসিনার মতো খালেদা জিয়া বা তারেক রহমানকে বিদেশে পাঠানোর আবেদন আমরা করব না।" যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার ডানকান নরম্যান বুধবার বিকেলে ন্যাম ফ্ল্যাটের বাসায় দেলোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকার শেষে দেলোয়ার সাংবাদিকদের বলেন, "খালেদা জিয়ার মুক্তি এবং তারেক রহমান ও কোকোকে বিদেশে প্রেরণের বিষয়ে হাইকমিশনারের সঙ্গে আমার আলোচনা হয়েছে। আমরা দ্রুত জরুরি অবস্থা প্রত্যাহার করে সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চাই।'' তিনি আবারো বলেন,'' খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রশ্নই উঠে না। তিনি দেশেই চিকিৎসা নেবেন।'' হাইকমিশনার নরম্যান সাংবাদিকদের বলেন, ''ডিসেম্বরে নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বৃটিশ সরকার একটি সুষ্ঠু নির্বাচন আশা করে।'' শেখ হাসিনার মুক্তি সর্ম্পকে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি শুধু বলেন, ''আমি জেনেছি, আদালত ও মেডিকেল বোর্ডের সুপারিশে শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।'' বিকাল সাড়ে ৪টা থেকে প্রায় এক ঘন্টা স্থায়ী বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ উপস্থিত ছিলেন। বিদেশে চিকিৎসা নিতে বুধবার আট সপ্তাহের জন্য সাময়িক মুক্তি পেয়েছেন শেখ হাসিনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমএইচবি/১৯০৯ ঘ.