২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলার নথি চেয়েছে হাইকোর্ট

হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় নিম্ন আদালতের নথি তলব করেছে হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বিশেষ বার্তাবাহক মারফত অবিলম্বে ওই নথি পাঠানোর জন্য বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতকে নির্দেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 12:08 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসিনার বিরুদ্ধে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় নিম্ন আদালতের নথি তলব করেছে হাইকোর্ট। বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মাশুক হোসেন আহমেদের বেঞ্চ বিশেষ বার্তাবাহক মারফত অবিলম্বে ওই নথি পাঠানোর জন্য বুধবার সংসদ ভবনের বিশেষ আদালতকে নির্দেশ দেয়। দুর্নীতি মামলাটি বাতিলের জন্য হাসিনার আবেদনটির ওপর আদেশ দেওয়ার সময় আদালত সরকার পক্ষের আইনজীবীবে বলেন, মামলাটিতে অভিযোগপত্র দেওয়ার আগে দুদক আইন অনুযায়ী অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন সংক্রান্ত আদেশের কথা অভিযোগপত্রে নেই। জবাবে সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মনসুর হাবিব বলেন, অনুমোদনপত্রটি আমাদের হাতে রয়েছে। আদালত বলেন, নথিতে অনুমোদনপত্রটি আছে কিনা তা পরীক্ষা করে দেখা দরকার। হাইকোর্ট এরপর মামলা বাতিলের ওপর রোববার পরবর্তী শুনানির তারিখ দেয়। আদেশের পর শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্ট বিশেষ বার্তা বাহকের মাধ্যমে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলার নথিপত্র বিশেষ জজ আদালতের কাছ থেকে তলব করেছে। গত ২ জুন মামলাটি বাতিলের জন্য আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা হাইকোর্টে একটি আবেদন করেন। এতে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি জামিনও চান হাসিনা। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ প্রকল্প স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন গতবছর ২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। গতবছর ২০ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে সরকার। গত ১১ জানুয়ারি এতে অভিযোগপত্র দেওয়া হয়। ১৩ জানুয়ারি মামলাটি বিচারের জন্য আমলে নেন সংসদ ভবনে অবস্থিত ঢাকার ১ নং বিশেষ জজ আদালত। ওই আদালত গত ১৮ মে এ মামলাটিতে হাসিনাসহ সব আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ করেন। শেখ হাসিনাকে গতবছর ১৬ জুলাই আটক করে যৌথবাহিনী। এ মামলায় হাসিনাকে গতবছর ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তার দেখানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমএআর/এসএনডি/১৮০৮ ঘ.