ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিরক্ষায় গঠিত 'জিয়া অরফানেজ ট্রাস্ট্র' -এর অর্থ সংক্রান্ত বিষয়ে বুধবার দুপুরে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সহকারী পরিচালক নূর মোহাম্মদ ও যৌথবাহিনী কর্মকর্তা মেজর রেদোয়ান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে পর্যায়ক্রমে জিজ্ঞাসাবাদ করেন। এ সময়ে তারেক রহমান ও কোকোর আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান ও শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট শিমুল বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা শহীদ জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ সংক্রান্ত বিষয়ে তারেক রহমান ও কোকোকে জিজ্ঞাসাবাদ করেছেন। তারেক-কোকো বলেছেন, আর্থিক অসঙ্গতির কোনো তথ্য তাদের জানা নেই।"
শিমুল বিশ্বাস জানান, জিয়ার স্মৃতি রক্ষায় কুয়েতের সাবেক আমীরের দেওয়া অনুদানের অর্থে এ ট্রাস্ট হয়েছে। ট্রাস্টের অধীনে বগুড়া ও বাগেরহাটের অরফানেজ ট্রাস্ট করা হয়।
কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত সোমবার ঢাকার তিন নম্বর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. গোলাম রাব্বানী কালেদা জিয়ার দুই ছেলেকে জিজ্ঞাবাদের অনুমতি দেয়।
মঙ্গলবার একই আদালত খালেদা জিয়াকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে।
দুদকের আবেদনে বলা হয়, বগুড়ায় জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের একটি সুনির্দিষ্ট অভিযোগের অনুসন্ধানের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
খালেদা জিয়া ও আরাফাত রহমানকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। এর আগে ১৭ এপ্রিল গ্রেপ্তার হন তারেক রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/১৮০৬ ঘ.
bdnews24