২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার ঘটনাপঞ্জী

শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের উল্লেখযোগ্য দিনগুলি:

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 12:03 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনার বিরুদ্ধে মামলা ও সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহের উল্লেখযোগ্য দিনগুলি: ৯ জুন,২০০৮: চিকিৎসা নিতে বিদেশ যাওয়ার সুযোগ দিতে আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসিনাকে ৪টি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় আদালত। একইদিনে তার পাসপোর্ট ফেরতের আবেদনও মঞ্জুর করা হয়। ৭ মে, ২০০৮: নাইকো মামলায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক এম এম সাব্বির হাসান । ৯ ডিসেম্বর, ২০০৭: ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে বিদেশি কোম্পানি নাইকোর হাতে 'তুলে দেওয়ার' অভিযোগে গত বছর সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে দুটি আলাদা মামলা করে দুর্নীতি দমন কমিশন। ২ সেপ্টেম্বর, ২০০৭: বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে তিন কোটি টাকা ঘুষ নিয়ে বেসরকারি খাতে তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে। ১৬ জুলাই, ২০০৭: ভোরে ধানমণ্ডির বাসভবন সুধাসদন থেকে গ্রেপ্তার। সেদিনই তাকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিশেষ কারাগারে পাঠায় আদালত। ১৩ জুন, ২০০৭: শেখ হাসিনার বিরুদ্ধে কয়েকটি বিদ্যুৎ প্রকল্প স্থাপনে অনুমতি দিতে চাঁদাবাজির অভিযোগে দুটি মামলা করা হয়। তেজগাঁও ও গুলশান থানায় দায়ের করা এই দুটি মামলায় তার বিরুদ্ধে মোট ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৫শ' টাকার চাঁদা নেওয়ার অভিযোগ আনা হয়। তেজগাঁও থানায় মামলাটি করেন ২২ জানুয়ারির বাতিল হয়ে যাওয়া নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ব্যবসায়ী নূর আলী। গুলশান থানায় মামলাটি করেন ব্যবসা প্রতিষ্ঠান ইস্ট-কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী। শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে এই মামলার প্রধান আসামি করা হয়। ৭ মে, ২০০৭: জরুরি অবস্থার মধ্যেই দেশে ফেরেন হাসিনা। তার দেশে ফেরার ওপর নিষেধাজ্ঞার বৈধতা চ্যালেঞ্জ এবং তার দেশে ফেরার বাধা সরানোর ওপর নির্দেশনা চেয়ে হাইকোর্টে ইতিমধ্যেই আবেদন করা হয়। ২২ এপ্রিল, ২০০৭: পল্টনে শিবিরকর্মী হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ১৮ এপ্রিল,২০০৭: সরকার এক প্রেসনোটে শেখ হাসিনা দেশে ফিরলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে উল্লেখ করে তার দেশে ফেরায় 'বাধা' সৃষ্টি করে। ১১ এপ্রিল, ২০০৭: পল্টনে আওয়ামী লীগ- জামায়াত সংঘর্ষে শিবির কর্মী হত্যা মামলায় হাসিনাসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ৯ এপ্রিল, ২০০৭: যুক্তরাষ্ট্রে অবস্থানরত হাসিনার বিরুদ্ধে বেসরকারি বিদ্যুৎ কোম্পানি ওয়েস্টমন্ট পাওয়ার প্ল্যান্টের চেয়ারম্যান তাজুল ইসলাম ফারুক তিন কোটি টাকার চাঁদাবাজির মামলা দায়ের করেন। ১৫ মার্চ,২০০৭: ছেলে জয়ের সদ্যোজাত সন্তানকে দেখতে যুক্তরাষ্ট্রে রওনা হন শেখ হাসিনা। ১১ ডিসেম্বর, ২০০১: সাবেক দুর্নীতি দমন ব্যুরো তেজগাঁ থানায় হাসিনাসহ চারজনের বিরুদ্ধে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)'য় বিদেশি পরামর্শক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলা দায়ের করেন। ১১ ডিসেম্বর, ২০০১: বিলুপ্ত দুর্নীতি ব্যুরোর কর্মকর্তা আবদুল্লাহ আল-জাহিদ তেজগাঁও থানায় ৮টি মিগ-২৯ যুদ্ধ বিমান ক্রয় সংক্রান্ত দুর্নীতির মামলা দায়ের করেন। এ মামলায় শেখ হাসিনাসহ ৫ জনকে আসামী করা হয়। (এছাড়াও বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ভাসানী নভোথিয়েটার ও টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্স নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে আরও কয়েকটি মামলা দায়ের করা হয়।) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এফএফ/এসকে/১৭৫৮ঘ.