২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আট সপ্তাহের জন্য মুক্তি পাচ্ছেন শেখ হাসিনা

সরকার আট সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিচ্ছে শেখ হাসিনাকে।বিস্তারিত জানতে গ্রামীণ ও একটেল ফোন থেকে ডায়াল করুন ২৩২৪ এ। >> শেখ হাসিনার মুক্তি সংক্রান্ত সরকারি আদেশের অনুলিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2008, 06:15 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার আট সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি দিচ্ছে শেখ হাসিনাকে। বুধবার সোয়া ১২টার দিকে কারা মহাপরিদর্শক জাকির হাসান সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনার সাময়িক মুক্তির আদেশ আমার হাতে পৌঁছেছে। আদেশে তাকে আট সপ্তাহের জন্য মুক্তি দেওয়া হয়েছে।" ১১ মাস কারাবন্দী থাকার পর আওয়ামী লীগ সভানেত্রী ঘন্টাখানেকের মধ্যেই মুক্তি পেতে পারেন। সর্বশেষ খবর জানার জন্য জিপি ও একটেল থেকে ২৩২৪ এ ফোন করুন। কারা মহাপরিদর্শক জাকির হাসান জানান, শেখ হাসিনা মুক্তির পর ধানমন্ডি ৩২ নম্বর বা সুধা সদনে যাবেন। বেলা ২ থেকে আড়াইটা নাগাদ তিনি বিশেষ কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানান তিনি। সাংবাদিকদের কারা মহাপরিদর্শক বলেন, "আজ (বুধবার ) প্যারোলে মুক্তির পর সম্ভবত তিনি বৃহস্পতিবার বিদেশ যাবেন।" মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ীই শেখ হাসিনাকে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানান তিনি। মুক্তির শর্ত অনুযায়ী শেখ হাসিনার মুক্তির আদেশ সরকার যেকোন সময়ে বাতিল করতে পারবে। আদেশে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ এর ৪০১ (৪এ) ধারার ক্ষমতাবলে ১১ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত তাকে মুক্তি দেওয়া হচ্ছে। শেখ হাসিনা চিকিৎসার জন্য যে কোনো দেশে যেতে পারবেন। হাসিনার মুক্তির প্রত্যাশায় ধানমন্ডির সুধা সদন ও সংসদ ভবনের বিশেষ কারাগারের আশেপাশে ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ফুল ও ব্যানার নিয়ে জড়ো হয়েছেন। বিশেষ কারাগারের সামনে থেকে আমাদের প্রতিবেদক সুমন মাহবুব বলেন ১১টা ৩৫ এর দিকে একটি সাদা নিশান প্যাট্রোল গাড়ি ভেতরে ঢুকেছে। ধারণা করা হচ্ছিল, এতেই শেখ হাসিনাকে বাইরে আনা হবে। শেখ হাসিনার নিরাপত্তা প্রসঙ্গে জানতে চাইলে মহা কারাপরিদর্শক বলেন, "নিরাপত্তার বিষয়টি বিভিন্ন সংস্থা দেখবে।" এর আগে সকাল সোয়া দশটায় কারা উপ মহা পরিদর্শক মেজর শামসুল হায়দার ছিদ্দিকী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা বারোটার মধ্যেই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মুক্তি সংক্রান্ত কাগজপত্র কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছবে বলে তারা আশা করছেন। মঙ্গলবার রাতে শেখ হাসিনার আইনজীবী ও আত্মীয় ব্যারিস্টার ফজলে নূর তাপস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনা চিকিৎসার জন্য বৃহস্পতিবার সকালে আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন। বুধবার সন্ধ্যার পর কোনো এক সময় তাকে সংসদ ভবনসংলগ্ন বিশেষ কারাগার থেকে ছাড়া হবে বলে আশা প্রকাশ করেছিলেন তিনি। শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ ফজলুল হক মনির ছেলে ব্যারিস্টার তাপস বলেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বিশেষ কারাগার থেকে সরাসরি সুধাসদনে যাবেন। আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের কেন্দ্রীয় নেতাদের সবাইকে বৃহস্পতিবার বেলা বারোটার মধ্যে সুধাসদনে উপস্থিত হতে বলেছেন। যোগাযোগ করা হলে তোফায়েল আহমেদ ও আবদুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সেখানে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/ইএইচবি/এসকে/১৩১৩ঘ.