ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনা চিকিৎসার জন্য আগামী বৃহস্পতিবার সকালে আমেরিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন। বুধবার সন্ধ্যার পর কোনো এক সময় তাকে সংসদ ভবনসংলগ্ন বিশেষ কারাগার থেকে ছাড়া হবে।
শেখ হাসিনার আইনজীবী ব্যারিস্টার ফজলে নূর তাপস মঙ্গলবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।
ফজলে নূর তাপস বলেছেন, "আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি আওয়ামী লীগ সভানেত্রীকে আগামীকাল (বুধবার) সন্ধ্যার পর কোনো এক সময় ছাড়া হবে। উনি পরশু (বৃহস্পতিবার) রওনা হবেন।"
শেখ হাসিনার ভাতিজা (শেখ ফজলুল হক মনির ছেলে) ব্যারিস্টার তাপস আরও জানান, শেখ হাসিনা বিশেষ কারাগার থেকে সরাসরি সুধাসদনে যাবেন।
তবে কারা উপমহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী মঙ্গলবার রাত সোয়া ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার মুক্তিসংক্রান্ত কাগজপত্র এখন পর্যন্ত হাতে পাইনি।"
এর আগে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসানও কাগজপত্র হাতে না পাওয়ার কথা জানান। শেখ হাসিনাকে জামিন না প্যারোলে মুক্তি দেওয়া হবে- এ প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি তাদের জানা নেই।
ব্যারিস্টার তাপসের কাছে 'দেশ ছাড়ার আগে হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ বা সভাপতিমণ্ডলীর কোন বৈঠক হবে কিনা' জানতে চাওয়া হলে তিনি বলেন, "এ রকম কোনো সম্ভাবনা নেই। তবে কেন্দ্রীয় নেতারা ওনার সঙ্গে দেখা করতে সুধাসদনে আসবেন।"
শেখ হাসিনার ঘনিষ্ট আরেকটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা সরাসরি আমেরিকায় যাবেন। তার জন্য বৃহস্পতিবার সকালে ব্রিটিশ এয়ারওয়েজের টিকিট নিশ্চিত করা হয়েছে। হাসিনার সঙ্গে যাবেন তার বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিকী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/০০১১ ঘ.
bdnews24