ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতি দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
খোন্দকার দেলোয়ার বলেন, "শেখ হাসিনাকে বিদেশে পাঠানোর জন্য নির্বাহী আদেশে হলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর ক্ষেত্রেও তা হতে হবে। আইনের প্রয়োগ সবার জন্য সমান হতে হবে।"
সংলাপে অংশগ্রহণের স্বার্থে অবিলম্বে খালেদা জিয়ারও মুক্তি দাবি করেন তিনি।
দেলোয়ার অভিযোগ করেন, "বর্তমান সরকার নির্বাচন না দিয়ে ক্ষমতায় টিকে থাকার ষড়যন্ত্র করছে। এ সরকারের একমাত্র কাজ দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিতদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।"
বন্দিঅবস্থায় তারেক রহমানের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, "হ্যান্ডসাম ছেলে' তারেককে আটকের পর তার ওপর এমন নির্যাতন হয়েছে, যে সে এখন আর সোজা হয়ে দাঁড়াতে পারে না। উন্নত চিকিৎসার জন্য তার বিদেশে যাওয়া প্রয়োজন, কিন্তু সরকার সে ব্যবস্থাও করছে না। কোকোর ক্ষেত্রেও অবস্থা একইরকম।"
সরকারের সংলাপ সম্পর্কে খোন্দকার দেলোয়ার বলেন, "বিএনপি সংলাপে যেতে চায়। তবে খালেদা জিয়াকে মুক্তি দিলেই আমরা সংলাপে যাব, অন্যথায় নয়। সংলাপ নিয়ে সৃষ্ট সংশয় দূর সরকারকেই করতে হবে।"
নতুন অর্থবছরের জন্য ঘোষিত প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে সাবেক এই প্রধান হুইপ বলেন, "বাজেট দেওয়ার অধিকার বর্তমান সরকারের নেই। তাদের বাজেটে উন্নয়ন, বেকার সমস্যা সমাধান ও গরিব মানুষের কষ্ট লাঘবের কোনো কথা নেই।"
সংগঠনের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির সহ সভাপতি অধ্যাপিকা সারোয়ারি রহমান, ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাবউদ্দিন, যুব দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাবেক ছাত্র নেতা খোন্দকার বাবুল চৌধুরী, ছাত্রদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, তাঁতি দলের আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএইচবি/২১৩৮ ঘ.
bdnews24