২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিষয়ে এখনো সরকারি আদেশ পায়নি কারা কর্তৃপক্ষ

শেখ হাসিনার মুক্তির বিষয়ে মঙ্গলবারও সরকারি কোনো আদেশ হাতে পাননি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান। তিনি বলেছেন, আদেশ পেলে সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 02:38 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার মুক্তির বিষয়ে মঙ্গলবারও সরকারি কোনো আদেশ হাতে পাননি কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান। তিনি বলেছেন, আদেশ পেলে সে অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন তারা। মঙ্গলবার বিকেলে কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি এ কথা বলেন। সাবেক এই প্রধানমন্ত্রীকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানো সম্পর্কে জাকির হাসান বলেনে, "এ বিষয়ে আজকে (মঙ্গলবার) সরকারের কোনো আদেশ আসবে বলে আমার মনে হয় না। তবুও কারা কর্তৃপক্ষ সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।" শেখ হাসিনাকে জামিন না প্যারোলে মুক্তি দেওয়া হবে- সে বিষয়টি জানা নেই কারা মহা পরিদর্শকের। কারা অধিদপ্তরের নিজস্ব ওয়েব সাইট সম্পর্কে তিনি বলেন, "কারাগারের ভেতরের অনেক খবর সাধারণ মানুষ জানে না। তাদের কথা চিন্তা করেই ওয়েব সাইট খোলা হলো। এতে বন্দিরা কী করছে, কারা প্রশাসন বন্দিদের ব্যাপারে কী পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে,কারাগারগুলোর অবস্থাসহ বিভিন্ন বিষয় থাকবে।" কারাগার সম্পর্কে অভিযোগ জানানো বা পরামর্শ দেওয়ার সুযোগও ওয়েব সাইটে থাকবে জানিয়ে মো. জাকির হাসান বলেন, "যে কেউ অভিযোগ বা উপদেশ জানাতে পারবেন। সেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে ওয়েব সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএনডি/এমএইচবি/২০৩০ ঘ.