২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলভার সেলিমের স্ত্রী ও সন্তানদের গ্রেপ্তারে পরোয়ানা

অবৈধ সম্পত্তি অর্জনের মামলায় সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিমের স্ত্রী আমেনা বেগম, ছেলে মেহেদী হাসান ও মেয়ে সাহারা সেলিমকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 01:00 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধ সম্পত্তি অর্জনের মামলায় সাবেক বিএনপি সাংসদ এমএএইচ সেলিমের স্ত্রী আমেনা বেগম, ছেলে মেহেদী হাসান ও মেয়ে সাহারা সেলিমকে গ্রেপ্তারে পরোয়ানা জারির নির্দেশ দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলায় ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক মঙ্গলবার এ আদেশ দেন। বিচারক আগামী ১৬ জুন এ মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে সেদিন মামলার আসামি কারাবন্দি সেলিমকে আদালতে হাজির করার নির্দেশও দিয়েছেন। এছাড়া অভিযুক্ত অপর তিন জনকে গ্রেপ্তার করা গেল কিনা- সে সম্পর্কে ওই দিন পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান সিলভারলাইন লিমিটেডের মালিক মোহাম্মদ আব্দুল হাকিম সেলিম 'সিলভার সেলিম' নামেই পরিচিত। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পরপরই তিনি গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অভিযোগে ১২টি মামলা রয়েছে। এর মধ্যে এক মামলায় তার পাঁচ বছর সাজা হয়েছে। অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সেলিম পরিবারের বিরুদ্ধে গত বছরের ৬ ডিসেম্বর রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. আলী আকবর। এতে অভিযোগ করা হয়, গত বছরের ১০ জুন দুর্নীতি দমন কমিশনে দাখিল করা হিসাব বিরণীতে সেলিমের পরিবারের সম্পত্তির অর্থমূল্য দেখানো হয় ৮৮ কোটি ৮৯ লাখ ৯৯ হাজার ৪১৪ টাকা। কিন্তু কমিশনের অনুসন্ধানে ধরা পড়ে, এর মধ্যে ৭৩ কোটি ১৬ লাখ ১৪ হাজার ৬৯৩ টাকার সম্পত্তি তাদের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তদন্তে ওই পরিবারের আরও ২২ কোটি ৬ লাখ ৬৯ হাজার ৯৩৭ টাকার সম্পদের সন্ধান মেলে, যা তারা গোপন করেন। মামলায় স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধেসেলিমের দুর্নীতিতে সহায়তার অভিযোগ আনা হয়েছে। গত সোমবার আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৮৫৬ ঘ.