ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার জিয়া এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন।
কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার তিন নম্বর মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. গোলাম রাব্বানী খালেদা জিয়াকে কারাগারের ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।
সংসদ ভবন এলাকায় বিশেষ কারাগারে আটক খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক নূর মোহম্মদ এ আবেদন করেন।
আবেদনে বলা হয়, বগুড়ার জিয়া অরফ্যানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের একটি সুনির্দিষ্ট অভিযোগের অনুসন্ধানের স্বার্থে খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদের অনুমতি পাওয়ার বিষয়টি কমিশনের প্রসিকিউশন কর্মকর্তা মো. আবদুর রশিদও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।
একই অভিযোগের বিষয়ে খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য গত সোমবার একই হাকিম দুর্নীতি দমন কমিশনকে অনুমতি দেয়।
খালেদা জিয়া ও আরাফাত রহমানকে গত বছরের ৩ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। এর আগে গ্রেপ্তার হন তারেক রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৭৩৬ ঘ.
bdnews24