২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মান্নান ভূঁইয়া-দেলোয়ারের করমর্দন

এক জনের বহিষ্কারের মধ্য দিয়েই আরেক জনের দায়িত্ব গ্রহণ; তবুও তো দীর্ঘদিনের সহকর্মী। আর সে জন্যই আবদুুল মান্নান ভূঁইয়া যখন হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য, তাতে সাড়া না দিয়ে পারেননি খোন্দকার দেলোয়ার হোসেন। একজনের হাসির জবাবে আরেকজনের মুখেও ফোটে হাসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 08:24 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক জনের বহিষ্কারের মধ্য দিয়েই আরেক জনের দায়িত্ব গ্রহণ; তবুও তো দীর্ঘদিনের সহকর্মী। আর সে জন্যই আবদুুল মান্নান ভূঁইয়া যখন হাত বাড়িয়ে দিলেন করমর্দনের জন্য, তাতে সাড়া না দিয়ে পারেননি খোন্দকার দেলোয়ার হোসেন। একজনের হাসির জবাবে আরেকজনের মুখেও ফোটে হাসি। গ্যাটকো মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ কারাবন্দি ১৭ আসামিকে মঙ্গলবার হাজির করা হয় সংসদ ভবনের আদালতে। মামলার অন্যতম আসামি বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়াও ছিলেন এ তালিকায়। আর একই আদালতে বিএনপির বর্তমান মহাসচিব খোন্দকার দেলোয়ার উপস্থিত ছিলেন খালেদা জিয়ার আইনজীবী হিসাবে। আদালতে ঢুকে কাঠগড়ায় ওঠার আগেই মান্নান ভূঁইয়া আইনজীবীদের সারিতে বসা আবদুর রেজ্জাক খান, মাসুদ আহমেদ তালুকদারসহ অন্য আইনজীবীদের সঙ্গে করমর্দন করেন। এরপর খোন্দকার দেলোয়ারের দিকে হাত বাড়িয়ে দেন করমর্দনের জন্য। খোন্দকার দেলোয়ার কিছুটা গম্ভীর হয়ে থাকলে মান্নান ভূঁইয়া একটু হেসে ফেলেন। মান্নান ভূঁইয়ার হাসি 'সংক্রমিত' হয় দেলোয়ারের মধ্যেও। তিনিও হেসে ফেলেন। তারপর হাত মেলান দুই জন। গত বছরের ৩ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হওয়ার আগ মুহূর্তে দলের মহাসচিব মান্নান ভুঁইয়াকে বহিষ্কার করে সে পদে খোন্দকার দেলোয়ারকে মনোনয়ন দিয়ে যান। এর পর থেকে মান্নান ভূঁইয়াসহ বিএনপির একটি অংশ আলাদাভাবে কর্মসূচি পালন করতে থাকে। যা 'সংস্কারপন্থী' অংশ হিসাবে পরিচিত হয়ে ওঠে। অপরদিকে খোন্দকার দেলোয়ারের নেতৃত্বাধীন অংশ পরিচিতি পায় 'খালেদাপন্থী' হিসাবে। গত ১৮ মে গ্যাটকো মামলায় মান্নান ভূঁইয়া আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৪১৯ ঘ.