২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মমুখী বিভিন্ন প্রস্তাবসহ ২১ দফা দাবি ইসলামী ঐক্যজোটের

সরকারের সঙ্গে সংলাপে ধর্মমুখী বিভিন্ন প্রস্তাবসহ ২১ দফা দাবি উত্থাপন করেছে ইসলামপন্থী দল ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ 'হয়রানিমূলক মামলায়' আটক সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 08:23 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের সঙ্গে সংলাপে ধর্মমুখী বিভিন্ন প্রস্তাবসহ ২১ দফা দাবি উত্থাপন করেছে ইসলামপন্থী দল ইসলামী ঐক্যজোট। দলটির চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ 'হয়রানিমূলক মামলায়' আটক সব রাজনৈতিক নেতার মুক্তি দাবি করেছেন। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সংলাপ শেষে ব্রিফিংয়ে আমিনী এসব দাবি তোলেন। মুফতি আমিনী জানান, সংলাপে দলের পক্ষ থেকে ২১ দফা দাবি উত্থাপন করা হয়েছে। তিনি বলেন, "জঙ্গি রাজনীতির সঙ্গে জড়িতদের সেখান থেকে বেরিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমরা। ধর্মীয় অনুভূতিকে সামনে রেখে ডিসেম্বরের পরিবর্তে অক্টোবরে নির্বাচন চেয়েছি। কারণ ডিসেম্বরে হজ ও কোরবানির ঈদ রয়েছে।" স্থানীয় সরকারের আগে নির্বাচনের আগে তারা জাতীয় নির্বাচন চেয়েছেন বলে জানান ইসলামী এ দলের নেতা। সংলাপে অংশ নেওয়া শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, সংলাপে ঐক্যজোটের নেতারা নির্বাচন পর্যবেক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। সরকার তাদের এ মর্মে আশ্বস্ত করেছে যে একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে পর্যবেক্ষকরা কাজ করবেন। নির্বাচনের কাজ সঠিকভাবেই এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি বলেন, "বছর শেষ হবার আগেই নির্বাচন হবে।" হোসেন জিল্লুর বলেন,"ঐক্যজোটের নেতারা স্থানীয় নির্বাচন প্রয়োজন- এটি স্বীকার করেছেন। তবে তারা জাতীয় নির্বাচন আগে চেয়েছেন।" উপদেষ্টা বলেন, আদালত স্থানীয় নির্বাচনের বিষয়ে বাধ্যবাধকতা তৈরি করেছে। এ পর্যন্ত উপজেলা নির্বাচনের জন্য আদালতের কাছে থেকে ৬ মাস করে ৩০ বার সময় নেওয়া হয়েছে। সকল উদ্যোগকে সন্দেহের চোখে দেখা হচ্ছে-মন্তব্য করে উপদেষ্টা বলেন, "এটি চললে এগোনো যাবেনা। আমরা এই সন্দেহ ভারাক্রান্ত পরিবেশকে বিশ্বাস নির্ভর পরিবেশে নিয়ে যাবার চেষ্টা করছি। এতে সহযোগিতার ক্ষেত্র তৈরি হবে।" চিকিৎসা উপলক্ষে সাবেক দুই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বিদেশ পাঠানো 'মাইনাস টু ফর্মুলার' বাস্তবায়ন কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, "বিশ্লেষণের দায়িত্ব আপনাদের। আমরা যথা সময়ে আপনাদের সুনির্দিষ্ট তথ্য অবহিত করব।" বড় দুটি দল না এলে সংলাপ ব্যর্থ হবে কিনা-এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,"আমরা ধৈর্যের সঙ্গে এগিয়ে যাচ্ছি। বড় দুটি দলও দায়িত্বশীল। তারাও আগ্রহী ঐক্যমতের ভিত্তিতে সামনের দিকে এগোনোর ব্যাপারে।" ঐক্যজোটের পক্ষ থেকে সংলাপে যেসব দাবি জানানো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল তাদের ভাষায় 'নাস্তিক মুরতাদদের' রাজনীতি বন্ধ ও নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, ইসলামী আদর্শের রূপায়ন বাংলাদেশের রাষ্ট্রনীতির অঙ্গ হিসেবে গণ্য করা, সংবিধান সংশোধন ও জাতীয় সনদ প্রণয়নের উদ্যোগ বাতিল করা, জাতীয় পরিচয়পত্রে ধর্মীয় পরিচয় সংযুক্ত করা, 'বিদেশি মদদপুষ্ট' এনজিওদের নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ না করা , চার্চের 'এনজিও মর্যাদা' বাতিল করা, কথিত 'রাষ্ট্র ও ধর্মদ্রোহী তৎপরতায় লিপ্ত' এনজিওর নিবন্ধন বাতিল করা, চাল, ডাল ও ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া ইত্যাদি। সংলাপে দলের পক্ষে আরো উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মওলানা মুহিউদ্দিন খান, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুল রকিব, মইন উদ্দীন আহমেদ যুবায়ের মিয়া, ভাইস চেয়ারম্যান মাওলানা জসীম উদ্দীন, মহাসচিব মোহাম্মদ আব্দুল লতিফ নেজামী, যুগ্ম মহাসচিব মুফতি মো: ওয়াক্কাস, মাওলানা মো: যুনায়েদ আল হাবিবসহ ১১ জন নেতা। দল। এছাড়া সরকারের পক্ষে প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদসহ আরো উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী, যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের এবং আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফ। গত ২২ মে ওয়ার্কার্স পার্টির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে নির্বাচনী আইন পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আনুষ্ঠানিক সংলাপ শুরু হয়। এ পর্যন্ত বিকল্পধারা বাংলাদেশ, জাসদ (ইনু), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, গণফোরাম এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে সংলাপ শেষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইএইচবি-এএইচডি/এফএফ/এসকে/১৪৫১ঘ.