২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর আরোপের অধিকার এ সরকারের নেই, এটা অবৈধ: খালেদা জিয়া

তত্ত্বাবধায়ক সরকারের কর ধার্য করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্নীতির দায়ে বিচারের সম্মুখীন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 08:01 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের কর ধার্য করার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন দুর্নীতির দায়ে বিচারের সম্মুখীন কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বাজেটে কর আরোপ করে বর্তমান সরকার সংবিধানের ৮৩ অনুচ্ছেদ লঙ্ঘন করেছে বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার সকালে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-৩ এ গ্যাটকো দুর্নীতি মামলায় হাজির হওয়ার পর নিজের আইনজীবীদের কাছে সদ্য ঘোষিত বাজেট সম্পর্কে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, "এ সরকারের বাজেটে করারোপ সংবিধান বহির্ভূত। এটা অবৈধ। কোনও অনির্বাচিত সরকারকে করারোপ করার অধিকার সংবিধান দেয়নি।" খালেদা অনতিবিলম্বে জরুরি অবস্থা প্রত্যাহার ও ওএমএস এবং রেশনিং ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছেন। বিশেষ আদালত গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ১৬ জুন ধার্য করেছে। খালেদা জিয়া, তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, সাবেক মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার, মতিউর রহমান নিজামী, এ কে এম মোশাররফ হোসেনসহ এ মামলার ১৭ আসামিকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়। সকাল সোয়া ১১ টায় সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে খালেদা জিয়া এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে চিকিৎসাধীন কোকোকে বিশেষ আদালত-৩ এ আনা হয়। আদালতে কোকো অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে তাকে আবার হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। আদালতের কার্যক্রম শেষ হওয়ার পর খালেদা জিয়া কাঠগড়ায় দাঁড়িয়ে আইনজীবীদের বলেন, "এ মামলাটি আমাকে হয়রানি করার জন্য করা হয়েছে। আমি ন্যায়বিচার চাই। সবাই যেন সুবিচার পায়, তা আদালতকে নিশ্চিত করতে হবে।" দুই ছেলে তারেক ও আরাফাত রহমানের অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে খালেদা অবিলম্বে তাদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিও জানান। এর আগে খালেদা জিয়াকে কঠোর নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়। তিনি কাঠগড়ায় উঠলে মান্নান ভুূঁইয়া, খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম, এম কে আনোয়ার ও মতিউর রহমান নিজামীসহ অন্য আসামিরা দাঁড়িয়ে তাকে সালাম জানান। কোকোকে আদালতে আনা হলে খালেদা কাঠগড়া থেকে নেমে ছেলের মাথায় হাত বুলিয়ে আদর করেন। এ সময় কোকোর দুই হাত কাঁপছিল। বিচারক শাহেদ নুরউদ্দিন আদালতে আসার পর সোয়া ১১টার দিকে মামলার কার্যক্রম শুরু হয়। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল আদালতে জানান, তারা মামলার অভিযোগ গঠনের জন্য প্রস্তুত। তবে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, মাসুদ আহমেদ তালুকদার মামলার নথিসমুহ আজ (মঙ্গলবার) পেয়েছেন বলে এখনই অভিযোগ গঠনের জন্য প্রস্তুত নয় বলে জানান। খালেদার আইনজীবী ও বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন আদালকে তারেক ও কোকোর শারীরিক অবস্থার কথা জানিয়ে সরকার গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিদেশে পাঠানোর জন্য আবেদন জানান। তিনি বলেন, "আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হতে হবে। শেখ হাসিনাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে। তাহলে তারেক ও কোকোর ক্ষেত্রে কেন তা হবে না।" গত ২ সেপ্টেম্বর রাতে দুর্নীতি দমন কমিশন তেজগাঁও থানায় এ মামলা দায়ের করার কয়েক ঘণ্টা পর খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়। গ্যাটকো মামলায় মোট অভিযুক্ত ২৪ জন। এর মধ্যে খালেদা জিয়াসহ ১৭ জন বর্তমানে কারাগারে আছেন। সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান, বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সাত আসামি 'পলাতক'। সাইফুর রহমানকে 'পলাতক' দেখানো হলেও তিনি কিছু দিন আগে প্রকাশ্যেই বিদেশ যান। দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর ও কমলাপুরের পণ্যবাহী কন্টেইনার ডিপো পরিচালনার দায়িত্ব গ্লোবাল অ্যাগ্রো ট্রেড কোম্পানিকে (গ্যাটকো) দেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন। মামলা দায়েরের সময় খালেদা জিয়া ছাড়া সাবেক কোনও মন্ত্রীকে আসামি করা হয়নি। তদন্ত শেষে গত ১৩ মে ঢাকার মহানগর হাকিমের আদালতে মামলার অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল হুদা। এতে আগের ১৩ জনের সঙ্গে জোট সরকারের নয় জন মন্ত্রীসহ মোট ২৫ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাবেক নৌমন্ত্রী আকবর হোসেন মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হলে আসামির সংখ্যা ২৪ জনে দাঁড়ায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিসি/এমআই/এসকে/১৩৫৯ ঘ.