ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রস্তাবিত বাজেটকে আওয়ামী লীগ বলেছে 'কল্পনাবিলাস'। খালেদা জিয়ার মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এই সরকারের বাজেট দেওয়ার এখতিয়ারের প্রশ্ন তুলে পুরো বাজেটকেই 'অবৈধ' আখ্যা দিয়েছেন। অন্যদিকে বাজেটকে 'মন্দের ভাল' বলেছে বিএনপির সংস্কারপন্থী বলে পরিচিত অংশ।
সোমবার অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে দলটির অর্থ বিষয়ক সম্পাদক অধ্যাপক আলী আশরাফ বলেন, "এই বাজেটে কিছু ভাব, দর্শন ও কাব্যিক কথা রয়েছে।"
তিনি বলেন, "এই বাজেট বাস্তবায়ন করা কতোটা সম্ভব হবে জানি না। ডিসেম্বরের পর একটি নির্বাচিত সরকারের ওপর এর দায়িত্ব পড়বে। নতুন সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন করা একটা চালেঞ্জ হবে।"
"অর্থ উপদেষ্টার বাজেট বক্তৃতায় কিছু ভালো ভালো কথাও এসেছে" এই মন্তব্য করে তিনি বলেন, "এগুলো বাস্তবায়নের কথাও ভাবতে হবে।"
তিনি বলেন, "আমরা এই বাজেটকে বাস্তব অবস্থার সঙ্গে মিল আছে বলে মনে করছি না। গত বাজেটে অর্থ উপদেষ্টা কিছু আশার বাণী শুনিয়েছিলেন। তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা, ধনী-গরিব ও অঞ্চলভিত্তিক বৈষম্য দূর ও কর্ম সংস্থান নিশ্চিত করার কথা বলেছিলেন। কিন্তু, এই বাজেটে সেসব কথার প্রতিফলন নেই। এই সব সমস্যার সমাধান বর্তমান বাজেটে সম্ভব বলে আমি মনে করি না।"
আগামীতে দারিদ্র বাড়বে
bdnews24