২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার পাসপোর্ট ফেরতের আদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ফেরতের আদেশ দিয়েছে আদালত। তার নতুন পাসপোর্টের সঙ্গে আগের দুটি পাসপোর্ট সংযুক্ত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 06:10 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ফেরতের আদেশ দিয়েছে আদালত। তার নতুন পাসপোর্টের সঙ্গে আগের দুটি পাসপোর্ট সংযুক্ত রয়েছে। সোমবার সকাল ১১টা ২০ মিনিটে ঢাকার মহানগর হাকিম আব্দুল্লাহ আল মামুন রাষ্ট্র ও অভিযুক্ত- উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আবেদনটির ওপর হাকিম রাষ্ট্রপক্ষের বক্তব্য জানতে চাইলে বিশেষ পাবলিক প্রসিকিউটর সরদার শহীদুল ইসলাম আদালতকে বলেন,"যেহেতু এ ব্যাপারে তদন্ত কর্মকর্তার কাছে পুনরায় প্রতিবেদন চাওয়া হলেও তিনি কোন প্রতিবেদন পাঠাননি তাই পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে কোন আপত্তি নেই। আদালত ওই পাসপোর্ট ফেরতের বিষয়টি বিবেচনা করতে পারেন।" আদালত শুনানি শেষে হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলামের জিম্মায় পাসপোর্ট ফেরতের আবেদন মঞ্জুর করেন। কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই তিনটি পাসপোর্টের মধ্যে একটি নতুন আর ২টি পুরোনো। সম্ভবত আজকেই (সোমবার) আমরা পাসপোর্ট পেয়ে যাব।" এর আগে পাসপোর্ট ফেরতের ব্যাপারে সোমবার সকালে আবেদন করা হয় বলে কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। আবেদনে বলা হয়- গত রোববার আইনজীবীরা নাইকো মামলায় সংসদ ভবনের বিশেষ আদালতে ব্যস্ত থাকায় পাসপোর্ট ফেরতের শুনানির জন্য সময় চেয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে হাকিম আগামী ১২ই জুন শুনানির জন্য দিন ধার্য করেছিলেন। কিন্তু হাসিনাকে দ্রুত দেশের বাইরে নেওয়ার জন্য পাসপোর্টের প্রয়োজন হওয়ায় সোমবারই সেটির শুনানির জন্য আবেদন করেন আইনজীবীরা। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর তার পাসপোর্ট জব্দ করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/এসকে/১২০৫ঘ.