২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা ছাড়া পেতে পারেন খবরে সুধাসদনে নেতাকর্মীদের ভিড়

শেখ হাসিনা কারাগার থেকে ছাড়া পেতে পারেন এমন খবরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী রোববার সন্ধ্যায় হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনের সামনে ভিড় জমায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 03:00 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনা কারাগার থেকে ছাড়া পেতে পারেন এমন খবরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী রোববার সন্ধ্যায় হাসিনার ধানমন্ডির বাসভবন সুধাসদনের সামনে ভিড় জমায়। সন্ধ্যা ৬টার পর থেকেই সেখানে ভিড় বাড়তে শুরু করে। তবে রোববার শেখ হাসিনার মুক্তির সম্ভাবনা আর নেই ধরে নিয়ে সাড়ে ৭টার দিকে ওই এলাকা ছেড়ে যান নেতাকর্মীরা। সুধাসদনের সামনে দাঁড়িয়ে আদাবরের যুবলীগ কর্মী মিজানুর রহমান জানান, তারা শুনেছেন নেত্রী রোববার মুক্তি পাচ্ছেন। এ কারণে তার ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ফুলও কিনতে বলা হয়। তিনি নিজেও একগুচ্ছ রজনীগন্ধা কিনে এনেছেন। এর আগে সন্ধ্যায় সংসদ ভবন এলাকার বিশেষ আদালতের বাইরে হাসিনার আইনজীবী ব্যারিস্টার শফিক সাংবাদিকদের বলেন, "ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে আওয়ামী লীগ সভানেত্রীকে অব্যহতি দেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে। বিচারক তা গ্রহণ করেছেন। কাল (সোমবার) সকালে এসে এ বিষয়ে লিখিত আদেশ পাব। " শেখ হাসিনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই দাবি করে তিনি আরো বলেন, "নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি। কাজেই বিদ্যুৎ কেন্দ্র মামলার মতো কোনো আবেদন নাইকো মামলার ক্ষেত্রে করতে হবে না। আর মিগ- ২৯ এবং আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় তিনি এমনিতেই জামিনে রয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসএনডি/এমএইচবি/২০৫০ ঘ.