২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার বিদেশ যাত্রার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত: আইনজীবী

চিকিৎসার জন্য হাসিনাকে বিদেশ পাঠানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সরকারের নির্বাহী আদেশ পেলেই হাসিনা এখন বিদেশে যেতে পারবেন। বিস্তারিত জানাচ্ছেন প্রদীপ চৌধুরী ও সুমন মাহবুব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2008, 02:06 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

প্রদীপ চৌধুরী ও সুমন মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসার জন্য হাসিনাকে বিদেশ পাঠানোর প্রক্রিয়া প্রায় চূড়ান্ত হয়ে গেছে জানিয়ে তার আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, সরকারের নির্বাহী আদেশ পেলেই হাসিনা এখন বিদেশে যেতে পারবেন। রোববার সন্ধ্যায় ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি এবং বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে বিশেষ জজ আদালত-২ এ করা আবেদনের ওপর শুনানি শেষে ব্যারিস্টার শফিক সাংবাদিকদের তিনি এ কথা বলেন। শফিক আহমেদ বলেন, "আমরা যে আবেদন করেছি, বিচারক তা গ্রহণ করেছেন। কাল (সোমবার) সকালে এসে এ বিষয়ে লিখিত আদেশ পাব। " শেখ হাসিনার স্বাস্থ্যগত বিষয়ে সরকার যে মেডিকেল বোর্ড গঠন করেছিল তার প্রতিবেদনের ভিত্তিতেই আদালত এ সিদ্ধান্ত দিয়েছে বলে দাবি করেন তিনি। শফিক আহমেদ বলেন, "এখন সরকার নির্বাহী আদেশ দিলেই শেখ হাসিনা বিদেশে যেতে পারবেন।" শেখ হাসিনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই দাবি করে হাসিনার আইনজীবী বলেন, "নাইকো দুর্নীতি মামলার বিচার কাজ এখনো শুরু হয়নি। কাজেই বিদ্যুৎ কেন্দ্র মামলার মতো কোনো আবেদন নাইকো মামলার ক্ষেত্রে করতে হবে না। আর মিগ-২৯ এবং আজম জে চৌধুরীর চাঁদাবাজি মামলায় তিনি এমনিতেই জামিনে রয়েছেন।" বিকেলে আওয়ামী লীগ সভানেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে আইনগত বাধা দূর করার উদ্যোগের অংশ হিসেবে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেয়ার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিশেষ জজ আদালত-১ এ বিচারক ফিরোজ আলমের খাস কামরায় তাৎক্ষণিকভাবে এ আবেদনের ওপর শুনানিও হয়। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার আবেদনের ওপর বিচারকের খাস কামরায় শুনানি হয়েছে। সোমবার সকালে বিচারক এ সংক্রান্ত আদেশ দেবেন।" হাসিনার আরেক আইনজীবী অ্যডভোকেট আব্দুল মান্নান খান বলেন, "শেখ হাসিনা খুবই অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো প্রয়োজন। এ কারণেই আমরা আদালতের কাছে আবেদন করছি।" কারাবন্দি শেখ হাসিনা এদিন সকালেই আইনজীবীর মাধ্যমে জানান, চিকিৎসকরা বললে তিনি বিদেশ যেতে রাজি আছেন। আর শেখ হাসিনার জন্য গঠিত মেডিকেল বোর্ড সরাসরি না বললেও তাকে বিদেশে পাঠানোর ইঙ্গিত দিয়েছে। এদিকে হাসিনার জব্দ করা তিনটি পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদনের শুনানি রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে হওয়ার কথা থাকলেও হয়নি। আগামী ১২ জুন এর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন হাকিম আবদুল্লাহ আল মামুন। আদালতে প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসিনার মূল আইনজীবী উপস্থিত না থাকায় সহযোগী আইনজীবীরা আদালতে সময় চাইলে হাকিম ১২ জুন শুনানির তারিখ ধার্য করেন।" হাসিনার আইনজীবী সাহারা খাতুন ও কামরুল ইসলাম নাইকো মামলায় সংসদ ভবনের আদালতে ব্যস্ত থাকায় মহানগর হাকিম আদালতে থাকতে পারেননি বলে সহযোগী আইনজীবীরা জানিয়েছেন। গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর পুলিশ অন্য জিনিসের সঙ্গে হাসিনার তিনটি পাসপোর্টও জব্দ করে। চলতি বছরের ৬ মার্চ শেখ হাসিনা জব্দ করা মালামাল ফেরত চেয়ে আদালতে আবেদন করেন। খালেদা জিয়া, শেখ হাসিনা ও খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার জন্য গত বৃহস্পািতবার আকস্মিকভাবে পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করে সরকার। ওইদিনই বিশেষ কারাগারে হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের প্রতিবেদনের বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আগে যে ধরনের প্রতিষ্ঠানে কানের চিকিৎসা নিয়েছেন, এখনও সে ধরনের প্রতিষ্ঠানেই তার চিকিৎসা করাতে হবে বলে মেডিক্যাল বোর্ড সুপারিশ করেছে।" শেখ হাসিনার কানের চিকিৎসা আগে কোথায় হয়েছে- জানতে চাইলে হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কানের চিকিৎসা নেন।" চিকিৎসকরা পরামর্শ দিলে শেখ হাসিনা বিদেশ যেতে রাজি আছেন বলে জানান আইনজীবী আব্দুল মান্নান খান। রোববার সকালে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তিনি। এরপর মান্নান খান সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সভানেত্রীর কানে যে শ্রবণ যন্ত্র (হিয়ারিং এইড) বসানো হয়েছিল তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোথাও তা পুনঃস্থাপন করা সম্ভব নয়। মেডিক্যাল বোর্ড বললে চিকিৎসার জন্য তিনি (হাসিনা) যুক্তরাষ্ট্র যেতে রাজি আছেন।" কোকোর বিষয়ে মেডিক্যাল বোর্ডের সুপারিশের উদ্ধৃতি দিয়ে কারা মহাপরিদর্শক রোববার বলেন, তার (কোকোর) চিকিৎসা দেশে বা বিদেশে যে কোনও স্থানে হতে পারে। আর খালেদা জিয়ার বিষয়ে ব্রিগেডিয়ার জাকির হাসান কোনও তথ্য দেননি। তবে খালেদা জিয়া নিজে রোববার আদালতে জানিয়েছেন, তিনি বিদেশ যেতে রাজি নন। এদিকে শেখ হাসিনার ফুপু খোদেজা খানম ও ফুপাতো বোন শেলী জামান রোববার সন্ধ্যায় বিশেষ কারাগারে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করেন। তারা প্রায এক ঘণ্টা সেখানে অবস্থান করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/পিবি/জেকে/এমএইচবি/২০১৫ ঘ.