ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে শেখ হাসিনাকে অব্যাহতি এবং বিদেশ যাওয়ার অনুমতি দিতে রোববার বিকালে আদালতে আবেদন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ক্ষেত্রে আইনগত বাধা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
কারাবন্দি শেখ হাসিনা এদিন সকালেই আইনজীবীর মাধ্যমে জানিয়েছেন, চিকিৎসকরা বললে তিনি বিদেশ যেতে রাজি আছেন। শেখ হাসিনার জন্য গঠিত মেডিকেল বোর্ড সরাসরি না বললেও তাকে বিদেশে পাঠানোর ইঙ্গিত দিয়েছে।
ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার জন্য রোববার বিকালে সংসদ ভবনের বিশেষ জজ আদালত-১ এ বিচারক ফিরোজ আলমের কাছে আবেদন করেন হাসিনার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের উপস্থিতিতে বিচারকের খাস কামরায় তাৎক্ষণিকভাবে এ আবেদনের ওপর শুনানি হয়। আদালত সোমবার এ ব্যাপারে আদেশ দেবেন।
হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাসমান বিদ্যুৎ কেন্দ্র দুর্নীতি মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে শেখ হাসিনাকে অব্যহতি দেওয়ার জন্য আমরা আদালতের কাছে এ আবেদন করেছি।"
আরেক আইনজীবী অ্যডভোকেট আব্দুল মান্নান খান বলেন, "শেখ হাসিনা খুবই অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো প্রয়োজন। এ কারণেই আমরা আদালতের কাছে আবেদন করছি।"
হাসিনার আবেদনের ওপর শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহীদুল ইসলাম সরদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শেখ হাসিনার আবেদনের ওপর বিচারকের খাস কামরায় শুনানি হয়েছে। সোমবার সকালে বিচারক এ সংক্রান্ত আদেশ দেবেন।"
হাসিনার আইনজীবীরা জানান, নাইকো দুর্নীতি মামলাতেও ব্যক্তিগত হাজিরা থেকে হাসিনার অব্যাহতি এবং চিকিৎসার জন্য তাকে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে একই ধরনের আবেদন করা হবে।
এর আগে হাসিনার পক্ষে ব্যারিস্টার শফিক আহমেদ, অ্যাডভোকেট সাহারা খাতুন ও ব্যারিস্টার ফজলে নূর তাপস বিকেল চারটার দিকে বিশেষ কারাগারে গিয়ে শেষ হাসিনার সঙ্গে দেখা করেন। হাসিনার সঙ্গে প্রায় ২০ মিনিট কথা বলার পর তারা সেখান থেকে বিশেষ জজ আদালতে যান।
এদিকে হাসিনার জব্দ করা তিনটি পাসপোর্ট ফেরত চেয়ে করা আবেদনের শুনানি রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে হওয়ার কথা থাকলেও তা হয়নি। আগামী ১২ জুন এর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন হাকিম আবদুল্লাহ আল মামুন।
হাসিনার আইনজীবী সাহারা খাতুন ও কামরুল ইসলাম নাইকো মামলায় সংসদ ভবনের আদালতে ব্যস্ত থাকায় তারা মহানগর হাকিম আদালতে থাকতে পারেননি বলে অপর আইনজীবীরা জানিয়েছেন।
আদালতে প্রসিকিউশন পুলিশের উপ-পরিদর্শক মো. ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল আইনজীবী উপস্থিত না থাকায় বিবাদী পক্ষের সহযোগী আইনজীবীরা আদালতে সময় চাইলে হাকিম আবদুল্লাহ আল মামুন আগামী ১২ জুন শুনানির জন্য তারিখ ধার্য করেন।"
গত বছরের ১৬ জুলাই শেখ হাসিনাকে গ্রেপ্তারের পর ধানমন্ডি থানা পুলিশ অন্য জিনিসের সঙ্গে হাসিনার তিনটি পাসপোর্টও জব্দ করে। চলতি বছরের ৬ মার্চ শেখ হাসিনা জব্দ করা মালামাল ফেরত চেয়ে আদালতে আবেদন করেন।
অন্যদিকে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হাসান দুপুরে সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আগে যে ধরনের প্রতিষ্ঠানে কানের চিকিৎসা নিয়েছেন, এখনও সে ধরনের প্রতিষ্ঠানেই তার চিকিৎসা করাতে হবে বলে মেডিক্যাল বোর্ড সুপারিশ করেছে।"
শেখ হাসিনার কানের চিকিৎসা আগে কোথায় হয়েছে- জানতে চাইলে হাসিনার ব্যক্তিগত চিকিৎসক সৈয়দ মোদাচ্ছের আলী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "২১ আগস্টের গ্রেনেড হামলার পর শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কানের চিকিৎসা নেন।"
চিকিৎসকরা পরামর্শ দিলে শেখ হাসিনা বিদেশ যেতে রাজি আছেন বলে জানান হাসিনার আইনজীবী আব্দুল মান্নান খান।
রোববার সকালে ভাসমান বিদ্যুৎ কেন্দ্র মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনার সঙ্গে কথা বলেন তিনি।
এরপর আব্দুল মান্নান খান সাংবাদিকদের বলেন, "আওয়ামী লীগ সভানেত্রীর কানে যে শ্রবণ যন্ত্র (হিয়ারিং এইড) বসানো হয়েছিল তা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ছাড়া অন্য কোথাও তা পুনঃস্থাপন করা সম্ভব নয়। মেডিক্যাল বোর্ড বললে চিকিৎসার জন্য তিনি (হাসিনা) যুক্তরাষ্ট্র যেতে রাজি আছেন।"
খালেদা জিয়া, শেখ হাসিনা ও খালেদার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন আগে কিছুটা আকস্মিকভাবেই পৃথক মেডিক্যাল বোর্ড গঠন করে সরকার।
কোকোর বিষয়ে মেডিক্যাল বোর্ডের সুপারিশের উদ্ধৃতি দিয়ে কারা মহাপরিদর্শক রোববার বলেন, তার (কোকোর) চিকিৎসা দেশে বা বিদেশে যে কোনও স্থানে হতে পারে।
আর খালেদা জিয়ার বিষয়ে ব্রিগেডিয়ার জাকির হাসান কোনও তথ্য দেননি। তবে খালেদা জিয়া নিজে রোববার আদালতে জানিয়েছেন, তিনি বিদেশ যেতে রাজি নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউএম/জেকে/এমআই/১৯১২ ঘ.
bdnews24